৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে উদীচীর দুই অংশের আলাদা কর্মসূচি, লড়াইয়ের অঙ্গীকার

সব আয়োজনেই আগুন ও মব সন্ত্রাস কিংবা কোনো ধরনের বাধা দিয়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন থামানো যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 11:14 PM

Updated : 29 Oct 2026, 11:14 PM

শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক স্থানে রাজধানীতে সংগঠনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর দুই অংশ।

প্রতিটি আয়োজনেই আগুন ও মব সন্ত্রাস কিংবা কোনো ধরনের বাধা দিয়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন থামানো যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পৃথক শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচীর দুই অংশ।

এর মধ্যে ‘ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেব’ স্লোগানে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি শুরু করে উদীচীর একাংশ। বাউল শিল্পী শেখ জামাল উদ্দিন (টুনটুন ফকির) জাতীয় পতাকা এবং সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবীবুল আলম উদীচীর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য আবৃত্তিকার বদরুল আহসান খান এবং প্রতিষ্ঠাকালীন সংগীতদলের সদস্য তাজিম সুলতানাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

উদীচীর এ অংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য দেন সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, লেখক ও গবেষক জাকির হোসেন, সুতপা বেদজ্ঞ, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক রুমি দে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

আলোচনায় বক্তারা বলেন, যশোর ও নেত্রকোণায় সংগঠনের সম্মেলনে প্রাণঘাতী হামলা এবং গত বছরের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পরও উদীচীর সাংস্কৃতিক লড়াই থমকে যায়নি। সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতা দূর করতে এ আন্দোলন অব্যাহত রাখবেন তারা।

এরপর অনন্যা লাবণী পুতুল, মাহমুদুল হাসানের আবৃত্তি, নৃত্য সংগঠন ‘অংশী’র পরিবেশনা এবং টুনটুন ফকির ও তরুণ শিল্পীদের পরিবেশনা দেখা যায়।

অন্যদিকে ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগান নিয়ে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করে উদীচীর অপরাংশ।

বিকেল ৩টায় উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী পর্ব শেষে একটি শোভাযাত্রা সেগুনবাগিচা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব ঘুরে আবার ডিআরইউতে এসে শেষ হয়।

পরবর্তী পর্বে ডিআরইউ মিলনায়তনে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির গবেষক মামুন সিদ্দিকী।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক এম এম আকাশ ও উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

এ অংশের দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় মাহমুদ সেলিমের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হবে গীতি-আলেখ্য ‘উদীচী, প্রগতির পদাতিক’। এতে উদীচীর শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী আরাত্রিকা সিনহা সংগীত পরিবেশন করবেন।