ওসমানীতে সাংবাদিকদের উপর হামলাকারী ইন্টার্নদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
সিলেট ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা।
এ সময় তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
বুধবার রাতে ওসমানী হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার।
সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে রুদ্ধ করতে সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। ওসমানী হাসপাতাল সিলেটবাসীর সম্পত্তি, সেখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও মাস্তানি বরদাশত করা হবে না।
সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ঘটনার তিন দিন পার হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। রোগী ও সাধারণ মানুষকে হেনস্তা করা এবং চিকিৎসাসেবা ব্যাহত করার সংস্কৃতি বন্ধে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এতে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রনি।
সমাবেশে সংহতি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, দক্ষিণ সুমরা ও বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, দৈনিক উত্তর পূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ মহসিন, চয়ন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট জেলা প্রেস ক্লাবের সহসভাপতি সজল ঘোষ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সিলেট প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাওসার চৌধুরী।
