২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট নেই, থাকলেও লাগে টাকা; রাজধানীতে রাস্তাই ভরসা

একজন নগর পরিকল্পনাবিদ বলছেন, “শুধু সিভিক সেন্সকে দায়ী করলে হবে না। নাগরিক আচরণ অনেকাংশে নির্ভর করে রাষ্ট্রের সুবিধা ও নিয়মের ওপর।”

টয়লেট নেই, থাকলেও লাগে টাকা; রাজধানীতে রাস্তাই ভরসা

ছবি: চ্যাটজিপিটি

সাখাওয়াত সুপন কৌশিক

রূপক নকরেক

Published : 22 Nov 2026, 08:34 AM

Updated : 22 Nov 2026, 08:34 AM

দুপুর পৌনে দুইটা। পুরান ঢাকার রায়সাহেব বাজারের ইংলিশ রোডে বিদ্যুৎ অফিসের পাশের দেয়ালটির সামনে দাঁড়াতেই নাকে আসে প্রস্রাবের দুর্গন্ধ। দেয়ালে সাঁটানো কয়েকটি পোস্টার, তাতে লেখা, ‘এখানে প্রস্রাব করা নিষেধ। ধরা পড়লে ২০০ টাকা জরিমানা’।

পোস্টারের ঠিক নিচেই দেয়ালের গোড়ায় প্রস্রাবের দাগ; পাশে জমে থাকা ময়লা পানিতেও উৎকট গন্ধ। দেয়াল ঘেঁষে দাঁড় করানো কয়েকটি যানবাহন। সড়কটি ব্যস্ত হওয়ায় কয়েক মিনিট পরপরই পথচারীদের দুর্গন্ধের মধ্যেই যেতে দেখা যায়; কেউ কেউ নাকও চেপে ধরেন।

দুপুর ২টার দিকে সেখানে রিকশা থামিয়ে দেয়ালের পাশেই প্রস্রাব করতে দেখা গেল রিকশাচালক রব্বানীকে। কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভাই, চাপ লাগলে কী করমু কন? সবসময়তো করি না, যখন বেশি চাপ লাগে তখনই খালি করি। পাবলিক টয়লেট কই খুঁইজা বেড়ামু?”

কাছাকাছিই পাবলিক টয়লেট থাকার কথা মনে করিয়ে দিলে রব্বানী বলেন, “পাবলিক টয়লেট আছে, ৫ টাকা কইরা রাখে। দিনে ১০ বার গেলে ৫০ টাকা শেষ। রুজি করি কত? সবাইরে দেহি এই জায়গায় প্রস্রাব করে, আমিও করি। কেডা যাইবো ৫ টাকা দিয়া প্রস্রাব করতে?”

দেয়ালে ২০০ টাকা জরিমানার সতর্কবার্তার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই রিকশাচালকের ভাষ্য, “লাগায় রাখছেতো দেখতাসি, কিন্তু এহন পর্যন্ত আমারে কেউ কিছু বলে নাই। জানি না কারা টানায়ছে।”

স্থানীয় দোকানদার মকবুল বলেন, ঘটনাস্থল থেকে কয়েক মিনিটের দূরত্বে থানার কাছে একটি পাবলিক টয়লেট রয়েছে। সেখানে প্রস্রাব করতে ৫ টাকা দিতে হয়।

তিনি বলেন, “মানুষ ওইহানে যায় না, এইহানেই আইয়া প্রস্রাব করে।”

সেখানে থাকা আরেক রিকশাচালক মোহাম্মদ তুহিন বলেন, ভোগান্তি কেবল প্রস্রাবের দুর্গন্ধে সীমাবদ্ধ নেই। দেয়ালের পাশে যানবাহন দাঁড় করানো এবং নিচু জায়গায় পানি জমে থাকায় পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তার ভাষ্য, “পাশ দিয়া কত স্কুলপড়ুয়া ছাত্রী যায়, গন্ধে নাক বন্ধ কইরা হাঁটা লাগে।”

সিল হবে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের এমন চিত্র দেখা গেছে।

কোথাও টয়লেট নেই, কোথাও অনেক দূরে, কোথাও ব্যবহারে টাকা লাগে, আবার কোথাও টয়লেট বন্ধ বা কেবল সীমিত সময়ের জন্য খোলা থাকে। আবার নারীদের জন্য অনেক টয়লেটই ব্যবহার অনুপযোগী।

যেখানে সেখানে প্রস্রাব করে পরিবেশকে নোংরা করে রাখার বিষয়ে সিটি করপোরেশনের তরফে নাগরিক আচরণকে দায়ী করা হলেও বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের দায় রাষ্ট্রও এড়াতে পারে না।

সবখানের চিত্র একই রকম

একই দিন দুপুরে পুরান ঢাকা থেকে কিছুটা দূরে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের বাইরের সড়ক বিভাজকের পাশে কয়েক পথশিশুকে প্রস্রাব করতে দেখা গেল। কথা বলতে এগিয়ে গেলে তারা দৌড়ে চলে যায়।

মার্কেটের ভেতরে একটি পাবলিক টয়লেট রয়েছে। এর দায়িত্বে রয়েছেন খোকা নামে এক ব্যক্তি।

তিনি বলেন, সেখানে পাঁচটি টয়লেট আছে। গোসলের ব্যবস্থাও আছে।

প্রস্রাবের জন্য ১০ টাকা নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “প্রতিদিন ভাড়া হিসেবে আমাকে সাড়ে ৩ হাজার টাকা দিতে হয়। আরেকটা টয়লেট আছে; ৫ হাজার দেওয়া লাগে।”

সেখান থেকে অনেকটা দূরে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের দুই পাশে দুটি ভ্রাম্যমাণ টয়লেট দেখা যায়।

ফুটপাতের দোকানি মো. জাহাঙ্গীর বলেন, ভ্রাম্যমাণ টয়লেট বসানোর পর থেকে মানুষ সেগুলো ব্যবহার করছে। তবে দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকের স্থানগুলোতে এখনও মানুষকে রাস্তার পাশেই প্রস্রাব করতে দেখা যায়।

কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে বাটা শোরুম ঘেঁষা দেয়ালে ভ্যান ও গাছের আড়াল থেকে আসা প্রস্রাবের দুর্গন্ধে টেকা দায়।

এক পথচারী বলেন, “নাকে হাত দিয়ে এই রাস্তা পার হতে হয়।”

পাশের শরবত বিক্রেতা মোক্তার বলেন, মাত্র আড়াইশ মিটার দূরে বাজারের ভেতর টয়লেট থাকলেও রাতে গৃহহীন মানুষ এই জায়গাতেই প্রস্রাব করেন।

শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যাওয়ার পথে ড্রেনের পাশে অনেককে প্রস্রাব করতে দেখা যায়।

রিকশাচালক জামান বলেন, “সরকারতো আশপাশে টয়লেটের ব্যবস্থা করে নাই। তাই যেখানে ইচ্ছা প্রস্রাব করি, কিছু করার নাই।”

মহাখালী ফ্লাইওভারের নিচে পিলারের পাশ ও বিজ্ঞাপনী বোর্ডের আড়ালে প্রস্রাবের দাগ ও দুর্গন্ধ পাওয়া যায়। অথচ মহাখালী রেলগেটের পাশেই ২০০ থেকে ৩০০ মিটার দূরে পাবলিক টয়লেট রয়েছে। ফ্লাইওভারের নিচে বসবাস করা গৃহহীন মানুষের স্যানিটেশনের বিষয়টি এখানে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে।

নারীদের জন্য পাবলিক টয়লেট ‘দুঃস্বপ্ন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, “সাধারণ সময়ে হয়তো কোনোভাবে সামলে নেওয়া যায়। কিন্তু পিরিয়ডের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ঢাকার কোনো পাবলিক টয়লেটই আমাদের সেই ফ্যাসিলিটি দিতে পারে না।”

গুলশানের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরেক নারী বলেন, পাবলিক টয়লেটগুলো তো দুঃস্বপ্নের মতো লাগে।

ফার্মগেটের এক কলেজ শিক্ষিকার মতে, টয়লেট খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি একা গিয়ে ব্যবহার করাতেও স্বস্তি নেই; বিশেষ করে সন্ধ্যার পর।

নিয়মিত ঢাকার গণপরিবহনে চলাচলকারী আরেক নারী বললেন, পানি ও ভালো দরজার নিশ্চয়তা না পেলে সাধারণত বাইরের টয়লেট তিনি ব্যবহার করেন না।

২০২৫ সালে ৮৬৫ জন নারীর ওপর ওয়াটারএইড বাংলাদেশের করা এক গবেষণায় দেখা যায়, ৩৫ শতাংশ নারী বাইরে থাকা অবস্থায় টয়লেট ব্যবহার এড়িয়ে চলেন। তাদের ৭৪ শতাংশ বাইরে যাওয়ার আগে পানি পান কমিয়ে দেন, ৭৭ শতাংশ প্রস্রাব চেপে রাখেন এবং ৩২ শতাংশ নিরাপদ টয়লেটের খোঁজে তাৎক্ষণিকভাবে বাড়ি ফিরে যান।

টয়লেটগুলোতে পর্যাপ্ত বায়ু চলাচল, আলো, ত্রুটিমুক্ত দরজা ও পানির অভাবের কথাও উঠে এসেছে ওই গবেষণায়।

জনসংখ্যার বিপরীতে অপ্রতুল টয়লেট, কমেছে বাজেট

ওয়াটারএইডের তথ্যমতে, ঢাকায় প্রায় ২ কোটি মানুষের জন্য মাত্র ১৩৭টি পাবলিক টয়লেট রয়েছে। অর্থাৎ, গড়ে প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষের বিপরীতে টয়লেট রয়েছে মাত্র একটি।

এর বেশিরভাগকেই অস্বাস্থ্যকর, ব্যবহার অনুপযোগী বা বৈষম্যমূলক বলছে সংস্থাটি। ২০২৫ সালের জুনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি টয়লেটের মান যাচাই করে ওয়াটারএইড পাঁচটিকে ৫ তারকা, সাতটিকে ৪ তারকা এবং ছয়টিকে ৩ তারকা রেটিং দিয়েছিল।

এমন সংকটের মধ্যে দুই সিটি করপোরেশনেই পাবলিক টয়লেটের বাজেট কমানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে পাবলিক টয়লেট বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫০ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ১ কোটি টাকা। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এই বরাদ্দ ৫ কোটি থেকে কমিয়ে আড়াই কোটি টাকা করা হয়েছে।

‘জায়গার অভাব’ ও ‘সিভিক সেন্সের ঘাটতি’!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশনের আওতাভুক্ত বা আমাদের অধিকারভুক্ত পাবলিক প্লেসে পাবলিক টয়লেটের চাহিদা ও জায়গা থাকলে আমরা টয়লেট করে দিতে পারি। কিন্তু ঢাকা শহরের মধ্যে এক টুকরো জমির দাম অনেক বেশি। সিটি করপোরেশনের নিজস্ব জায়গা না হলে সেখানে টয়লেট করা সম্ভব হয় না।”

নারীদের জন্য আলাদা টয়লেটের বিষয়ে তিনি বলেন, “যদি কোনো নির্দিষ্ট জায়গায় নারীদের জন্য আলাদা টয়লেটের চাহিদা থাকে, তাহলে ইজারাদারকে আমরা সেই শর্তে দিতে পারি। নারীদের জন্য আলাদা ওয়াশরুমের বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। এর মধ্যে হাইজিন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় রয়েছে।”

পাবলিক টয়লেটগুলো কম ব্যবহার হওয়ার কারণ হিসেবে নগরবাসীর ‘সিভিক সেন্সের’ (সাধারণ শিষ্টাচার) অভাবকে দায়ী করেন এ কর্মকর্তা।

পাবলিক টয়লেট ব্যবহারে অনাগ্রহের বিষয়ে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে সামান্য টাকা দিতে হয়। ছিন্নমূল মানুষেরা সেই টাকা দিতে আগ্রহী নন।

“আমি ইতোমধ্যে এ বিষয়ে কথা বলেছি, যেন তাদের জন্য বিনামূল্যে ব্যবস্থা করা যায়।”

নাগরিকদের আচরণের সম্পর্কে তিনি বলেন, “অবশ্যই আমাদের সিভিক সেন্সের বিষয় আছে। আমাদের সিভিক সেন্স ভালো না খারাপ, সেটা তো আপনারাও নাগরিক হিসেবে বলতে পারেন।”

উন্মুক্ত স্থানে প্রস্রাব করার প্রবণতা কমাতে আরও বেশি জরিমানার পরামর্শ তার।

আইন ও জনস্বাস্থ্য ঝুঁকি

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের আইনজীবী সায়কা কবির জিতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যত্রতত্র মূত্রত্যাগ বা প্রাকৃতিক কাজ করা এবং এ ধরনের জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬’-এর ৮০ ধারায় শাস্তির বিধান রয়েছে।

এই ধারার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জনসাধারণের ব্যবহৃত বা আশপাশের কোনো স্থানে প্রাকৃতিক কাজ সারলে, কোনো উপদ্রব সৃষ্টি করলে, সাত বছরের কম বয়সি শিশুদের এ ধরনের কাজ করতে দিলে বা সহায়তা করলে ২০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তার মতে, সভ্য সমাজে রাস্তাঘাট বা জনসাধারণের ব্যবহারের স্থানে যত্রতত্র মূত্রত্যাগ, প্রাকৃতিক কাজ করা, ময়লা বা বর্জ্য ফেলা এবং থুতু ফেলা শালীনতার মধ্যে পড়ে না। এ কারণে পরিস্থিতিভেদে দণ্ডবিধির ২৯৪ ধারার সঙ্গেও বিষয়টি সম্পর্কিত হতে পারে।

এ ধারায় অন্যদের বিরক্তি সৃষ্টি করে এমন কোনো প্রকাশ্য অশ্লীল কাজ বা প্রকাশ্য স্থানে বা তার নিকটবর্তী স্থানে অশ্লীল গান, পদাবলি বা শব্দ উচ্চারণের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানান তিনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, খোলা জায়গায় মলমূত্র ত্যাগের কারণে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের দূষণের মাধ্যমে টাইফয়েড, ডায়রিয়া, কলেরাসহ খাদ্য ও পানিবাহিত বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে।

চাহিদা না থাকায় নতুন পাবলিক টয়লেট প্রয়োজন নেই, সিটি করপোরেশনের এমন মানসিকতার সঙ্গে একমত নন তিনি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান এই বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, মানুষ ব্যবহার করুক বা না করুক, জনসংখ্যা ও সড়কের পরিমাণ বিবেচনায় সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাবলিক টয়লেট রাখতে হবে।

‘সিভিক সেন্সকে দায়ী করা সমাধান নয়’

নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, পাবলিক টয়লেটের সংকটকে শুধু টয়লেটের সংখ্যা দিয়ে বিবেচনা করলে চলবে না। মূল সমস্যা হচ্ছে, নগরবাসীর একটি অংশ রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করতে বাধ্য বা এতে অভ্যস্ত হয়ে পড়েছে। পাবলিক টয়লেট থাকলেও সেগুলোর অনেকগুলোই ব্যবহারযোগ্য নয় বা যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় না।

তার ভাষ্য, রাষ্ট্রের পক্ষ থেকে পাবলিক টয়লেটের পরিকল্পনা, সেবার প্রাপ্যতা, রক্ষণাবেক্ষণ এবং সেবার মান নিশ্চিত করতে হবে। 'মানুষ ব্যবহার করে না', এই যুক্তিতে বাজেট কমিয়ে দেওয়ার আগে দেখতে হবে মানুষ কেন ব্যবহার করছে না এবং প্রয়োজনের সময় তারা টয়লেট পাচ্ছে কি না।

আদিল মুহাম্মদের পর্যবেক্ষণ, সাধারণত নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের মধ্যেই রাস্তাঘাটে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের প্রবণতা বেশি দেখা যায়।

"নগর এলাকায় এমন পরিকল্পনা থাকা প্রয়োজন, যাতে একজন মানুষ তার অবস্থান থেকে ৪০০-৫০০ মিটারের মধ্যেই একটি পাবলিক টয়লেট পান।"

পাবলিক টয়লেট ব্যবহারের জন্য ফি নেওয়ার সমালোচনা করে এই নগর পরিকল্পনাবিদ বলেন, এটি মৌলিক জনস্বাস্থ্যসেবা হিসেবে বিনামূল্যে দেওয়া উচিত।

তিনি বলেন, “পাবলিক টয়লেটের সংখ্যা ও অবস্থান পরিকল্পিতভাবে নিশ্চিত করার পর খোলা জায়গায় মলমূত্র ত্যাগ নিষিদ্ধ এবং যথাযথভাবে শাস্তিযোগ্য করতে হবে। রাষ্ট্র যখন প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করবে, কেবল তখনই জনসাধারণের জন্য নির্ধারিত জায়গার বাইরে এ ধরনের কাজ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব।

“শুধু মানুষের সিভিক সেন্সকে দায়ী করলে সমস্যার সমাধান হবে না।”

তার মতে, পাবলিক টয়লেটের বিষয়টিকে ফ্লাইওভার, মেট্রোরেল বা অন্যান্য বড় অবকাঠামোর তুলনায় কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখার সুযোগ নেই। এটি জনস্বাস্থ্য ও নাগরিক অধিকারের সঙ্গে সম্পর্কিত একটি মৌলিক জনসেবা।