শান্ত সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতেও দেখা গেছে।
টানা কয়েকদিনের অস্থিরতা ও আন্দোলনের পর শান্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার সকাল থেকে সরেজমিনে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর এবং সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানা ঘুরে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।
দেখা যায়, বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা গেইটের সামনে জড়ো হন এবং আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। কারখানাগুলোতে সকাল থেকেই পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।”
সরেজমিনেও শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে বিজিবি টহল দলকেও।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
তবে এখনো কিছু কারখানা বন্ধ আছে জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এখনো ৪০টির বেশি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। সেজন্য কারখানাগুলোর শ্রমিকরাও কাজে যোগ দিতে আসেননি।
