সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কেউ কাজে ফিরেছেন, কেউ কর্মবিরতিতে
ম্যাংগো টেক্স, গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড ও মারমা ফ্যাশন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতি পালন করছে।
ন্যূনতম মজুরি নিয়ে টানা এক মাস ধরে চলা আন্দোলন ও অস্থিরতার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে সাধারণ ছুটি, বন্ধ বা শ্রমিকদের কর্মবিরতির কারণে এখনো কর্মচাঞ্চল্য ফিরে আসেনি কয়েকটি কারখানায়।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।
বিভিন্ন সড়কে দেখা যায় একদিকে দল বেঁধে শ্রমিকরা কারখানার দিকে আসছেন এবং কর্মস্থলে প্রবেশ করছেন। অন্যদিকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সার্বিক পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব স্বাভাবিক আছে।”
তবে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা এখনো বন্ধ রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২১টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডার্ড গ্রুপের কাজিপুর ফ্যাশন লিমিটেড কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ম্যাংগো টেক্স, গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড ও মারমা ফ্যাশন কারখানার শ্রমিকরা হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশের পর কর্মবিরতি পালন করছে।
শিল্পাঞ্চলে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নজরদারি রাখছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
