শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৮ কারখানায় ছুটি, ৯টিতে কর্মবিরতি
এছাড়া, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা।
ন্যূনতম মজুরি নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ ফিরতে শুরু করেছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেননি, কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে মঙ্লবার সকালে ৯টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন এবং ৮টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা।
বেলা পৌনে ১২টার দিকে সার্বিক পরিস্থিতির বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। যেসব কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বা যেগুলো বন্ধ রয়েছে, সেগুলোর কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
“এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।”
শিল্প পুলিশের তথ্য মতে শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হচ্ছে- পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, ট্রাউজার লাইন লিমিটেড, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, ইসলাম গ্রুপের দি রোজ ড্রেসেস, ইভ ড্রেস, মেডলার এ্যাপারেলস লিমিটেড, আয়েশা ক্লোথিং, আরকে নীট, পলমল গ্রুপের হামজা ক্লথিং ও হান্দা (ঢাকা) টেক্সটাইল লিমিটেড।
মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবরিতি পালন করছে এমন ৯টি কারখানা হচ্ছে- ডং লিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড, শারমিন গ্রুপ, অনন্ত গার্মেন্টস লিমিটেড ও অনন্ত স্পোর্টসওয়্যার, লুসাকা গ্রুপের বেক নিট লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড, মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড এবং গ্রিন লাইফ নিট কম্পোজিট।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০টি কারখানা হচ্ছে- সুসুকা নীট লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মন্ডল নিটওয়্যার লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, হা-মীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন) ও ইয়াগী বাংলাদেশ লিমিটেড।
