২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশসহ ৪৪ দেশে বিজ্ঞাপন সেবা আনল চ্যাটজিপিটি

এর ফলে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বিজ্ঞাপন বাজারে অ্যালফারেটের গুগল এবং মেটার ফেইসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামল বিশ্বের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।

বাংলাদেশসহ ৪৪ দেশে বিজ্ঞাপন সেবা আনল চ্যাটজিপিটি

প্রতিটি দেশেই স্থানীয় মুদ্রায় বিজ্ঞাপন বাণিজ্য করবে চ্যাটজিপিটি। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:03 PM

Updated : 24 Nov 2026, 12:03 PM

এআই, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের খরচ যখন বিশ্বজুড়ে বড় প্রশ্ন, তখনই বড় পরিসরে বিজ্ঞাপন বাণিজ্যের ঘোষণা দিল চ্যাটজিপিটি।

একসঙ্গে ৪৪ দেশে আনা এ পদক্ষেপের তালিকায় রয়েছে বাংলাদেশও।

এর ফলে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বিজ্ঞাপন বাজারে অ্যালফাবেটের গুগল এবং মেটার ফেইসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামল বিশ্বের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।

এ লক্ষ্যে ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো সরবরাহকারী কোম্পানি ‘আলেফ’-এর সঙ্গে একক পরিবেশক চুক্তি স্বাক্ষর করেছে ওপেনএআই।

স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চ্যাটজিপিটি।

এর ফলে এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৪৪টি দেশের স্থানীয় ব্র্যান্ড এবং বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সরাসরি আলেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটি বিজ্ঞাপন নেবে।

এ চুক্তির আওতায় তালিকাভুক্ত দেশগুলোর বিজ্ঞাপনদাতাদের সঙ্গে ওপেনএআইয়ের একক পরিবেশক হিসেবে আলেফ বিজ্ঞাপন চুক্তি করবে।

প্রতিটি দেশেই স্থানীয় মুদ্রায় বিজ্ঞাপন বাণিজ্য করবে চ্যাটজিপিটি।

বিজ্ঞপ্তিতে আলেফ বলেছে, ওপেনএআইয়ের সঙ্গে এই পার্টনারশিপের মূল লক্ষ্য এআই যুগের অন্যতম “জনপ্রিয় এই পণ্যের সঙ্গে উদীয়মান বাজারগুলোর সরাসরি সংযোগ ঘটানো”।

ওপেনএআই ও আলেফের এই চুক্তির আওতায় চারটি ভৌগোলিক অঞ্চলের মোট ৪৪টি বাজার অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়া-প্যাসিফিকে চারটি বাজার বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা।

লাতিন আমেরিকার ১৪টি বাজারের দেশগুলো হচ্ছে, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, ডমিনিকান রিপাবলিক, একোয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, পানামা, প্যারাগুয়ে, পেরু, পুয়ের্তো রিকো ও উরুগুয়ে।

ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি বাজারের দেশে রয়েছে আজারবাইজান, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরি, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেইন ও উজবেকিস্তান।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি দেশের মধ্যে রয়েছে মিসর, কেনিয়া, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।