২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকত্ব-সমানাধিকার পেলে ফিরতে চান ৮২% রোহিঙ্গা তরুণ, গবেষণার তথ্য

স্থানীয় তরুণদের প্রায় ৬৭ শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 12:49 AM

Updated : 20 Nov 2026, 12:49 AM

নাগরিকত্ব আর সমান অধিকার পেলে বাংলাদেশ থাকা রোহিঙ্গা তরুণদের বেশিভাগের মিয়ানমারে ফিরে যাওয়ার ইচ্ছার কথা উঠে এসেছে ব্র্যাকের এক গবেষণায়।

বৃহস্পতিবার ঢাকায় ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে ওই গবেষণার ফল উপস্থাপন করা হয়।

রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সংকট নিয়ে ওই গবেষণায় উঠে আসে, “সামগ্রিকভাবে, ৭৬ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান।

“নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে এই হার ৮২ দশমিক ৬ শতাংশ। তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দেওয়া হলে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।”

আবার আয়ের সঙ্গে প্রত্যাবাসনের আগ্রহের সম্পর্কও দেখা গেছে ওই গবেষণায়। যেসব তরুণের কিছুটা আয় রয়েছে, তাদের ৭৯ শতাংশের বেশি দেশে ফিরতে চান; আয়হীনদের ক্ষেত্রে এই হার সাড়ে ৫৩ শতাংশ।

একইভাবে, মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন এমন তরুণদের মধ্যে দেশে ফেরার আগ্রহ বেশি থাকার কথাও উঠে এসেছে ওই গবেষণায়।

রোহিঙ্গা তরুণদের মধ্যে ঘরে ফেরার তাড়নার বিষয়ে গবেষণার ফলাফল প্রকাশ হওয়ার দিনে এই জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার স্বীকৃতি দিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

রোহিঙ্গাদের মিয়ানমারে জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে ফিরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার কথাও বলেছে জাতিসংঘের আদালত।

একই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট ঘিরে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকায় সংকটের প্রভাব নিয়ে আরেকটি গবেষণার ফলও উপস্থাপন করা হয়।

ব্র্যাক জানিয়েছে, ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে পরিচালিত গবেষণায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়।

এর মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন ছিলেন আশ্রয়শিবিরসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য। দলীয় আলোচনা ও বিস্তারিত সাক্ষাৎকারের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়।

দুই গবেষণার ফল অনুষ্ঠানে তুলে ধরেন ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম।

স্থানীয় তরুণদের প্রায় ৬৭ শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ৮৫ দশমিক ৮ শতাংশের মতে, কাজ খুঁজে পাওয়া কঠিন হয়েছে, ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে এবং ৩৬ দশমিক ৪ শতাংশ কাজ হারিয়েছেন।

টেকনাফে জীবিকায় ক্ষতির কথা জানিয়েছেন ৭১ দশমিক ৬ শতাংশ তরুণ, উখিয়ায় এই হার ৬০ দশমিক ১ শতাংশ।

Image

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।

গবেষণায় উঠে এসেছে, শিক্ষায় এগিয়ে থাকলেও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছেন স্থানীয় তরুণীরা। তাদের ৫৩ দশমিক ৯ শতাংশ মাধ্যমিক বা তার বেশি শিক্ষা সম্পন্ন করেছেন, যেখানে তরুণদের ক্ষেত্রে এই হার ৪১ দশমিক ৪ শতাংশ। অথচ আয়মূলক কাজে যুক্ত তরুণীর হার মাত্র ২০ দশমিক ৮ শতাংশ, যেখানে তরুণদের ক্ষেত্রে ৭০ দশমিক ২ শতাংশ। গড়ে পুরুষেরা নারীদের তুলনায় ৪ দশমিক ৩ গুণ বেশি আয় করেন।

সামাজিক রীতিনীতি, পরিবারের অনুমতি, অনিরাপদ যাতায়াত, গৃহস্থালির দায়িত্ব ও কম মজুরি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বড় বাধা, এমন চিত্র মিলেছে গবেষণায়।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ৭২ শতাংশের বেশি স্থানীয় তরুণ। তাদের ৫৭ শতাংশের মতে, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মধ্যেও মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘ হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, রোহিঙ্গাদের শিগগিরই তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তাই, রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা ও দক্ষতার উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের একীভূত হয়ে যাওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে।

ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত বলে দিন দিন সংকট বাড়ছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর এ দেশে অবস্থান এবং নিজ দেশে ফিরে যাওয়ার পর যেন তারা নিরাপদে থাকতে পারে, সে লক্ষ্যে আরও টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখা উচিত নয়।

“মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ থাকার অর্থ এই নয় যে রোহিঙ্গাদের পরিচয় বা অতীতের নির্যাতন-নিপীড়নের কথা উপেক্ষা করতে শরণার্থীরা যেন নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পান, সে সুযোগ নিশ্চিত করার দরকার।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন।

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।