রোহিঙ্গাদের জিনের শিকড় মিয়ানমার ও পূর্ব এশিয়া, জনসংখ্যাগত জেনোমিক্স গবেষণায় তথ্য
হাজার বছর আগেই মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের জিনগত সংমিশ্রণের প্রমাণ শনাক্ত করা হয়েছে।
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের দেশটির সরকার তাদের নিজস্ব জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে। মিয়ানমারের শাসক গোষ্ঠী থেকে শুরু করে সংখাগুরু বৌদ্ধরা বারবার রোহিঙ্গাদের ‘বাঙালি’ তথা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে অভিহিত করে বছরের পর বছর ধরে দেশের নাগরিকত্ব এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে।
রোহিঙ্গাদের ওপর চলেছে গণহত্যা, বাধ্য করা হয়েছে তাদের দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থীর জীবন বেছে নিতে।
মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা মামলায় বৃহস্পতিবার যখন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আশায় বুক বাঁধছে, তখন তাদের জাতিগোষ্ঠীর আদি শিকড় সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে।
টেলিগ্রাফ ইন্ডিয়া বৃহস্পতিবার এক খবরে বলেছে, বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত প্রথম জনসংখ্যাগত জেনোমিক্স গবেষণায় দেখা গেছে, তাদের পূর্বপুরুষদের মূল শিকড় ছিল পূর্ব-দক্ষিণ এশিয়া। হাজার বছর আগেই মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তাদের জিনগত সংমিশ্রণের প্রমাণ শনাক্ত করা হয়েছে।
খবরে বলা হয়, বাংলাদেশ ও ভারতের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আদি রোহিঙ্গা এবং মিয়ানমারের জনগোষ্ঠীর মধ্যে ৭০১ থেকে ৯৭৪ বছর আগে কোনও এক সময়ে জিনগত সংমিশ্রণ শুরু হয়েছিল। এটি মিয়ানমারের আরাকান অঞ্চলই যে রোহিঙ্গাদের ঐতিহাসিক শিকড়, সে সম্পর্কে বাকি বিশ্বকে জিনগত সূত্রের কথা জানান দেয়।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। অব্যাহত সংঘাতের কারণে ২০২৪ সালের শুরু থেকে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
এরইমধ্যে জাতিসংঘ রোহিঙ্গা সংকটকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় শরণার্থী সংকট হিসেবে আখ্যায়িত করেছে। বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় এই জনগোষ্ঠী ব্যাপকভাবে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
জিনগত গবেষণাটির অন্যতম সহযোগী এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পপুলেশন জেনোমিক্স বিজ্ঞানী জ্ঞানেশ্বর চৌবে টেলিগ্রাফকে বলেন, “আমাদের গবেষণার ফলাফল রোহিঙ্গাদের জিনগত শিকড় পূর্ব ভারতীয় অঞ্চলে খুঁজে পেয়েছে। পাশাপাশি প্রায় হাজার বছর আগে আরাকান অঞ্চলে তাদের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রমাণও আমরা পেয়েছি।”
খবরে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন বিজ্ঞানী গাজী নূরুন নাহার সুলতানা কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে বসবাসরত ২৫ জন রোহিঙ্গার রক্তের নমুনা সংগ্রহ করেন। গবেষকরা তাদের জিনের পাশাপাশি ২৭ বাংলাদেশি মুসলিম, ৯ হিন্দু, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বম সম্প্রদায়ের ৯ জনের রক্তের নমুনা এবং আগে প্রকাশিত ২ হাজার ২১৭ জন ইন্দো-ইউরেশীয় ব্যক্তির জিনগত তথ্য বিশ্লেষণ করেন।
পরবর্তীতে গত মঙ্গলবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’ এ সম্পর্কিত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে গবেষকরা বলছেন, বিশ্লেষণে দেখা গেছে রোহিঙ্গারা তুলনামূলকভাবে একটি ‘ঘনিষ্ঠ জিনগত গুচ্ছ’ তৈরি করেছে, যাদের সঙ্গে বর্তমান বাংলাদেশিদের সবচেয়ে নিকটতম জিনগত সাদৃশ্য রয়েছে।
ঢাকার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বিজ্ঞানী নাহার সুলতানা বলেন, “আমাদের ফলাফল তাদের ভাষাগত পরিচয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। রোহিঙ্গারা একটি পূর্ব ইন্দো-ইউরোপীয় ভাষায় কথা বলেন, যা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।”
গবেষণায় দেখা গেছে, আদি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের তিব্বতীয়-বর্মী ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে জিনগত সংমিশ্রণ হয়েছিল। এখনো রোহিঙ্গাদের জিনে সে প্রমাণ রয়ে গেছে। জেনেটিক মডেলিং ব্যবহার করে গবেষকরা অনুমান করেছেন যে, রোহিঙ্গা ও তিব্বতীয় বর্মীদের মধ্যে এই সংমিশ্রণটি ৭০১ থেকে ৯৭৪ বছর আগে ঘটেছিল।
গবেষকরা জিন বিশ্লেষণের ফলাফলকে এভাবে ব্যাখ্যা করেছেন যে, রোহিঙ্গাদের পূর্বপুরুষরা এই সময়কালের আগে বা কাছাকাছি সময়ে মিয়ানমারের আরাকান অঞ্চলে বসতি স্থাপন করেছিল। যদিও এই জিনগত গবেষণাটি সরাসরি কখন ওই সম্প্রদায় সেখানে প্রথম বসবাস শুরু করেছিল তা নির্ধারণ করার পরিবর্তে কেবল জিনগত সংমিশ্রণের সময়কালটিই নির্ণয় করেছে।
গবেষণায় অনুমান করা হয়েছে, রোহিঙ্গাদের বংশগতির ৫৯ শতাংশই উত্তর ভারত সম্পর্কিত জিনগত উৎসের সঙ্গে যুক্ত, যা গবেষকদের মডেলে ‘কোল’ জনগোষ্ঠীর সঙ্গে সাযুজ্যপূর্ণ। বাকি ৪১ শতাংশ বর্মী সম্পর্কিত উৎসের সঙ্গে যুক্ত। এই হিসাবগুলো নির্দিষ্ট কোনো ঐতিহাসিক নৃগোষ্ঠীর বংশগতির সরাসরি পরিমাপের পরিবর্তে জিনগত প্রতিনিধি হিসেবে বর্তমান জনগোষ্ঠীর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে।
তুলনামূলক চিত্র তুলে ধরে গবেষকরা আরও অনুমান করেছেন, বাংলাদেশি মুসলিমদের মধ্যে ৬৯ শতাংশের বংশগতিতে আদি ‘কোল’ জাতিগোষ্ঠীর জিন রয়েছে। এছাড়া ৩১ শতাংশের জিনে ‘বর্মী’ বংশগতির চিহ্ন রয়েছে। আর এই বিশ্লেষণই নির্দেশ করে যে, রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমার সম্পর্কিত জিনগত উপাদানের পরিমাণই উল্লেখযোগ্যভাবে বেশি।
