২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের কার্যকর বাস্তবায়ন দ্রুত নিশ্চিত করতে বলল ঢাকা

“বাংলাদেশ বিশ্বাস করে, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 01:31 PM

Updated : 20 Nov 2026, 01:31 PM

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর বিষয়ে দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

ওই রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার ডাকা সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাই।”

রায় কার্যকরের মাধ্যমে প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভার বহন থেকে মুক্তির পথ খুলতে পারে বলে মনে করছেন তিনি।

প্রত্যাবাসনই যে রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় তা আবারও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা আরও দৃঢ়ভাবে বলতে চাই যে, রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান।

“বাংলাদেশ বিশ্বাস করে, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।”

একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতেও আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হুমায়ুন কবির।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা করেছে।

এসব অপরাধের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি, বিদ্বেষমূলক বক্তব্য, গ্রাম ধ্বংস এবং জনগোষ্ঠীটির অস্তিত্বের ভিত্তিকে আঘাত করে এমন কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে আদালত।

গণহত্যা প্রমাণের ক্ষেত্রে শুধু বিপুলসংখ্যক মানুষ হত্যা যথেষ্ট নয়। কোনো জাতিগত, ধর্মীয় বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় থাকতে হয়। আইসিজের বিবেচনায় মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাখ্যা হিসেবে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত।

এটি আইসিজের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করার রায়। এর আগে ২০০৭ সালে বসনিয়ার গণহত্যার ঘটনায় সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দায়ী করেছিল আদালত। তবে সে সময় সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেয়নি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ছিল মামলার কেন্দ্রে। ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটিতে গাম্বিয়ার পাশে দাঁড়িয়ে আইনি অবস্থান তুলে ধরে আরও ১১টি দেশ।