১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিজের রায়ের আগে মিয়ানমারের আচরণ নিয়ে ‘উদ্বিগ্ন’ জাতিসংঘ বিশেষজ্ঞ

মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল কিনা সে বিষয়ে বৃহস্পতিবার রায় দিতে চলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:48 PM

Updated : 18 Nov 2026, 08:48 PM

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের আগে মিয়ানমার সরকার ও উগ্র-জাতীয়তাবাদী গোষ্ঠীর আচরণে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ হওয়ার কথা বলেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার কেলি এম কারি।

তাদের এমন আচরণ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নতুন সহিংসতায় পরিণত হবে কি না, সেই আশঙ্কা প্রকাশ করে মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্ক থাকা দেশগুলোকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের আট দিনের সফরের শেষ দিনে বুধবার ঢাকার ইউএন হাউজে ডাকা সংবাদ সম্মেলনে এক প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেন কারি।

তিনি বলেন, “গত কয়েক ঘণ্টায় মিয়ানমারের ভেতর থেকে যে খবর পাচ্ছি, নেপিদোর সরকারি কর্তৃপক্ষ যে আচরণ করছে, তাতে সহিংসতার ঝুঁকি বাড়ছে বলে মনে করছি আমি। অতীতে নৃশংসতা, উসকানি ও বিদ্বেষ ছড়ানোর সঙ্গে জড়িত মা বা থা ও অন্যান্য জাতীয়তাবাদী বুদ্ধিস্ট সংগঠনের সঙ্গে মিলে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে।

“এসব গোষ্ঠীর মনোভাব কেবল রোহিঙ্গা-বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ইসলামকেও মিয়ানমারের জন্য মৌলিক হুমকি হিসাবে বিবেচনা করে। সুতরাং রায়ের আগে তাদের আচরণ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। জনগণের মধ্যে তারা ইতোমধ্যে মুসলিম জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছে।”

মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল কিনা সে বিষয়ে বৃহস্পতিবার রায় দিতে চলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ঘোষণা করা হবে এই রায়।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার এই ঐতিহাসিক রায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলো বিচারের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে।

গোটা বিশ্ব এই রায়ের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হতে পারে আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এখন পর্যন্ত কোনো দেশকে গণহত্যার জন্য দায়ী করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে ইহুদি নিধনযজ্ঞের (হলোকাস্ট) পর আন্তর্জাতিক আইনে 'গণহত্যা' অপরাধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, আইসিজের এই রায় ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা আরেকটি আলোচিত ‘গণহত্যা’ মামলাতেও প্রভাব ফেলবে।

মিয়ানমারের উপর প্রভাব থাকা দেশগুলোকে এক্ষেত্রে নতুন সহিংসতার আশঙ্কা মোকাবেলায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান কেলি এম কারি।

তিনি বলেন, “মিয়ানমারের উপর যদি কোনো দেশের প্রভাব থেকে থাকে, আমি তাদের আহ্বান জানাচ্ছি, তারা এই মুহূর্তে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে এবং আইসিজের রায় নিয়ে যে মনোভাব নিয়ে তারা আলোচনা করছে, সেটা নিয়ে যেন জরুরি ভিত্তিতে এখনই কথা বলে। আগামীকালের জন্য অপেক্ষা নয়, এখনই।”

মিয়ানমার সরকারের এসব কর্মকাণ্ডের বিপরীতে আইসিজেতে তাদের পূর্ণ অংশগ্রহণ থাকার কথাও স্মরণ করিয়ে দেন জাতিসংঘের র‌্যাপোটিয়ার।

তিনি বলেন, বিচারে অংশগ্রহণের পূর্ণ সুযোগ মিয়ানমারের ছিল এবং তারা সেখানে অংশগ্রহণ করেছে। তারা উপস্থিতি হয়েছে, তাদের পক্ষে কথা বলেছে এবং যাই ঘটুক না কেন, এই আদালতে বিচারের ক্ষেত্রে সব পর্যায়ে অংশীদার হিসাবে তারা ছিল।

“নিজেদের যুক্তি উপস্থাপনের প্রতিটি সুযোগ তাদের ছিল। বিচারকদের সিদ্ধান্ত মানতেও তারা বাধ্য। আর তারা যদি আরও উসকানিতে জড়ায়; অতীতে সংঘটিত যেসব অপরাধের জন্য বিচার হয়েছে, সেগুলোকে আরও বাড়িয়ে তোলার মত কর্মকাণ্ড চালায়, সেটা দীর্ঘ মেয়াদে তাদের নেতিবাচক পরিস্থিতিই তৈরি করবে। সুতরাং আমি তাদেরকে এগুলো বন্ধ করার আহ্বানও জানাই।”

তিনি বলেন, “আদালতের রায়ে যা-ই আসুক না কেন, বিচার প্রক্রিয়ার মধ্যে সব তথ্যপ্রমাণ আছে এবং সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মাধ্যমে বিশ্বাসযোগ্য হিসাবে প্রতীয়মান হয়েছে।

“আদালতের রেকর্ড রয়েছে। সাক্ষীদের জবানবন্দি, ফরেনসিক তথ্যপ্রমাণ, স্যাটেলাইট ছবি—সবাই আছে। সেগুলো কোথাও চলে যাবে না।”

আইসিজের বিচারের ধরন তুলে ধরে কারি বলেন, রাষ্ট্রের দায় কী, আইসিজে সেটা নিরূপণ করা মানে এই নয় যে, অপরাধীরা বিচার থেকে পালাতে পারবে। ভুক্তভোগী ও বেঁচে ফেরা ব্যক্তিরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার অন্যান্য পথ নিয়ে কাজ করছেন এবং সেটা চলমান থাকবে।

সব দেশের প্রতি বৃহস্পতিবারের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়নের পাশাপাশি এই বিচারের ক্ষেত্রে প্রথম সারিতে থাকা অংশীজনদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে আইসিজের রায়ের গুরুত্ব কী, সেটি বাংলাদেশ সফরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, বৃহস্পতিবারের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার এবং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’।

তিনি বলেন, ১৯৪৮ সালে জেনোসাইড কনভেনশন গ্রহণ করার পর থেকে বহু অপরাধী জবাবদিহিতা এড়িয়েছেন এবং বহু ভুক্তভোগী বঞ্চিত হয়েছেন ন্যায়বিচার থেকে।

“রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নাগরিকত্ব কেড়ে নেওয়া ও বঞ্চিত করা থেকে শুরু করে জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার অপরাধগুলো ২০১৭ সালে শুরু হয়নি, কিংবা শেষও হয়ে যায়নি। এবং এই অপরাধগুলোর সঙ্গে জড়িতদের মধ্যে দায়মুক্তির প্রত্যাশা আগেও ছিল, এখনও আছে।

তিনি বলেন, “ওই দায়মুক্তি থেকে দূরে সরে আসার এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি বেঁচে ফেরা ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের জন্য একটি সম্ভাব্য পদক্ষেপ হতে পারে এই রায়।

“আমরা আশা করি, এই রায় ওই অপরাধগুলোর স্বীকৃতি দেবে, অপরাধগুলোকে সঠিক নামে ডাকা হবে এবং আমাদের ন্যায়বিচারের পথে ধাবিত করবে। এক্ষেত্রে, রায়টির সম্পূর্ণ বাস্তবায়নকে সমর্থন দেওয়া সব দেশের কর্তব্য।

তিনি বলেন, “এই রায়ে এসব প্রত্যাশা না মিটলেও এই মামলা আমাদেরকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের শক্তি এবং তাদের ন্যায়বিচারের দাবি আমাদের সামনে প্রকাশ করেছে।

“রায় যাই হোক না কেন, বেঁচে ফেরা এসব ব্যক্তি, তাদের কমিউনিটি এবং বিশ্বব্যাপী তাদের সমর্থকরা ন্যায়বিচারের দাবি ও দায়মুক্তির অবসানের সংগ্রাম থেকে সরে যাবে না। আমি তাদের পাশে আছি।”

মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে কয়েক লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার প্রায় এক দশক পর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যা মামলার রায় ঘোষণা করতে চলেছে।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক তদন্ত কর্মকর্তা ইয়াংহি লি গার্ডিয়ানকে বলেছেন, “আদালতের এই রায় সারা বিশ্বে বেঁচে থাকা রোহিঙ্গা ও তাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক ঘটনা হবে।”

তিনি বলেন, "৯ বছর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা থামাতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের জন্য অবশেষে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিজেদের সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে তাদের অবশ্যই এ সুযোগকে কাজে লাগাতে হবে।”

মিয়ানমার সামরিক জান্তা সরকারের অভিযানের মুখে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালানোর ঘটনায় পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এই মামলা দায়ের করে।

গাম্বিয়ার অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে দমন-পীড়ন চালিয়েছে, তা ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

আইসিজের বিচারকরা গাম্বিয়ার আনা অভিযোগগুলো নিয়ে দীর্ঘ সাত বছর ধরে বিচার-বিশ্লেষণ করেছেন। গণহত্যা মামলায় কোনো গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ প্রমাণ করাই বড় চ্যালেঞ্জ।

তবে শত শত রোহিঙ্গা ভুক্তভোগীর প্রতিনিধিত্বকারী সংস্থা ‘লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড (ল)’-এর প্রতিষ্ঠাতা অ্যান্টোনিয়া মালভি বলেছেন, আদালত মিয়ানমারকে পুরোপুরি জবাবদিহির আওতায় আনবে- এ বিষয়ে তিনি ‘সতর্কভাবে আশাবাদী’।

তিনি বলেন, মিয়ানমার সরকারের কর্মকাণ্ডে এমন ধরনের সব আচরণ দেখা গেছে, যা ওই গোষ্ঠীকে ধ্বংস করার ‘সুস্পষ্ট চেষ্টারই প্রমাণ’। গ্রামগুলোতে একই কায়দায় হামলা, অগ্নিসংযোগ, নারী-পুরুষ আলাদা করা, যৌন সহিংসতা ও পালানোর সময় হত্যার মাধ্যমে ধ্বংসের উদ্দেশ্য স্পষ্ট ফুটে উঠেছে।

পুরনো খবর:

মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে কিনা, এ সপ্তাহে রায় দেবে আইসিজে
রোহিঙ্গা ঢলের ৯ বছর
রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানা
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর