গণহত্যা মামলায় আইসিজে’র রায়ের কিছু অংশ মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের ঐতিহাসিক রায়ের পর প্রথম মুখ খুলে মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মানবে না তার দেশ।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা বিষয়ক রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং।
আদালতের ঐতিহাসিক এই রায়ের পর নিজের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
গত সপ্তাহে দেওয়া আইসিজে-এর ঐতিহাসিক ওই রায়ে ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়।
ওই নৃশংস অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন এবং ৭ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
মিয়ানমার গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, তাদের নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পাল্টা অভিযান চালিয়েছিল। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে আইসিজে-তে দোষী সাব্যস্ত হওয়া প্রথম দেশ মিয়ানমার।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিন অং হ্লাইং মন্তব্য করেছেন যে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারের ফলে আন্তর্জাতিক অঙ্গনে তার দেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার এক বৈঠকে মিয়ানমারের অভ্যুত্থানকারী নেতা থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া মিন অং হ্লাইং বলেছেন, “মিয়ানমার একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে যা করা উপযুক্ত, সেটিই করবে। তবে যেসব শর্ত বা নির্দেশনাকে মিয়ানমার অনুপযুক্ত (অগ্রহণযোগ্য) বলে মনে করে, সেগুলো মেনে চলবে না।”
তবে হ্লায়িং তার বক্তব্যে রায়ের ঠিক কোন কোন অংশে মিয়ানমারের আপত্তি রয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
২০১৯ সালে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলাটি মূলত ২০১৭ সালে রাখাইন রাজ্যে চালানো ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে কেন্দ্র করে করা হয়েছিল; যে অঞ্চলটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বড় একটি অংশের বাস ছিল।
আইসিজে এর পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পায়ে হেঁটে বা সমুদ্রপথে বাংলাদেশে পালিয়েছেন। আদালত দেখতে পেয়েছে যে, প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত প্যানেলে ৯-৬ ভোটে (সংখ্যাগরিষ্ঠের মতে) এই রায় দেওয়া হয়। আইসিজে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আরও দেখতে পেয়েছে যে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আরও বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে।
আদালতের এই রায়ই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনও আপিল করা যাবে না।
আইসিজে মিয়ানমারকে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে, তবে ক্ষতিপূরণের সঠিক পরিমাণ পরবর্তী কোনও এক তারিখে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।
আদালত মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার এবং কনভেনশন (আন্তর্জাতিক গণহত্যা সনদ) লঙ্ঘনে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে।
তবে আইসিজের নিজস্বভাবে এসব নির্দেশনা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নেই। আদালতের দেওয়া রায় কার্যকর করতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপরই নির্ভর করতে হয়।
এই রায় মূলত প্রতীকী হলেও, রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মানবাধিকার সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে; যারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন ও দুর্দশার বিষয়টি বিশ্বের নজরে আনার চেষ্টা করে আসছিল।
এক ডজনেরও বেশি দেশ আইসিজে-এর এই রায়কে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাজ্য মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
