২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায়বিচারের স্বীকৃতি, ফেরার পথ কতটা খুলবে?

প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে আইসিজে; এই রায়কে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে ‘নৈতিক ও আইনি বিজয়’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ছবি: রয়টার্স

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিদর্শনে গেলে দেশে ফেরার আকুতি তুলে ধরেন রোহিঙ্গারা। ছবি: রয়টার্স

মাসুম বিল্লাহ

সৌরভ দেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 01:27 AM

Updated : 20 Nov 2026, 01:40 AM

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে স্বস্তি ও আনন্দের সঙ্গে নতুন আশাও দেখছেন রোহিঙ্গারা। তবে এ রায় ন্যায়বিচারের স্বীকৃতি ও প্রত্যাবাসনের দাবিকে জোরালো করলেও রাখাইনে নিরাপদে তাদের ফেরার উপায় খোঁজাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাহিমা খুশি; যার জন্ম বাংলাদেশের শরণার্থী শিবিরে, বেড়ে ওঠাও সেখানে।

তার আনন্দের মাত্রাটা একটু বেশিই। কেননা মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। সাক্ষ্য সংগ্রহ, অনুবাদ এবং আদালতের শুনানিতে দোভাষী হিসেবে কাজ করেছেন। এদিন রায়ের নেদারল্যান্ডসের হেগে থাকা রাহিমার কণ্ঠে ছিল দীর্ঘ অপেক্ষার অবসানের অনুভূতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সাত বছরের বেশি সময় ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী এই দিনের অপেক্ষায় ছিল। আদালত মিয়ানমারের জেনোসাইড বিষয়টি স্বীকৃতি দেওয়ায় এটি রোহিঙ্গাদের জন্য বড় অর্জন।

রাহিমার ভাষায়, এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং ন্যায়বিচারের পথে একটি ঐতিহাসিক অগ্রগতি। আদালতে দেওয়া রোহিঙ্গাদের সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করাও তাদের কাছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তবে এখানেই লড়াই শেষ হচ্ছে না বলে মনে করেন তিনি। বরং এই রায়কে কাজে লাগিয়ে রাখাইনে ফিরে যাওয়ার অধিকার এবং ক্ষতিপূরণের দাবিতে নতুন করে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

রাহিমা বলেন, “আমরা খুবই আনন্দিত। তবে এখন দেখতে হবে, এরপর কী হয়। এই রায় আমাদের জন্য রাখাইনে ফিরে যাওয়ার পথ নিয়ে আরও কাজ করার সুযোগ তৈরি করেছে।”

আন্তর্জাতিক আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার স্বীকৃতির পাশাপাশি মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের ‘রোহিঙ্গা পরিচয়’ এর স্বীকৃতিও এল। রোহিঙ্গাদের নিজেদের বাসস্থানে ফেরানো এবং ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও দিয়েছে আদালত।

প্রথমবারের মতো কোনো রাষ্ট্রীয় গণহত্যার স্বীকৃতি দেওয়ায় কারণেও এই রায়কে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা।

রাহিমা খুশির মতো রোহিঙ্গা শরণার্থীরা যখন ঘরে ফেরার আশায় বুক বাঁধছেন, সেই আশা পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এ রায় বাস্তবায়নের পাশাপাশি রাখাইনে তাদের নিরাপদে ফেরার বিষয়টি এখনও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

ঘরহারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসা বাংলাদেশ এই রায়কে স্বাগত জানিয়ে বলছে, রায় মেনে এই জনগোষ্ঠীর নিজভূমে ফেরানোর পথ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের ওপর চাপ বাড়ায়।

বৃহস্পতিবার আইসিজের রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “আইসিজের রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আপনারা হয়ত দেখে থাকবেন, এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে।

“রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে। অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়ায় প্রথমবারের মতো এমনটা ঘটল।”

রোহিঙ্গা সংকট মোকাবিলায় এই রায়ের তাৎপর্য থাকার বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “আমি যেভাবে বলেছি, প্রথমবারের মতো আইসিজে কোনো দেশকে গণহত্যার জন্য নিন্দা করল। এই বিশাল সংকট সমাধানের দিকে আমরা কীভাবে এগোতে পারি, সেক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।”

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আমরা আশা করব, মিয়ানমার সরকার কিছুটা হলেও তারা বুঝতে পারবে, আরাকান আর্মি বুঝতে পারবে যে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা শুরু করবে।”

আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই রায়ের ওপর ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে যথেষ্ট চাপ আন্তর্জাতিক সম্প্রদায় চাইলে দিতে পারে, যেন আমরা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারি।”

গণহত্যার স্বীকৃতি: এই রায় কেন ঐতিহাসিক

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটিতে গাম্বিয়ার পাশে দাঁড়িয়ে আইনি অবস্থান তুলে ধরে আরও ১১টি দেশ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ছিল মামলার কেন্দ্রে। ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল। তাদের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল।

কিন্তু বৃহস্পতিবার ১৫ বিচারকের আদালতে ৯-৬ ভোটে দেওয়া রায়ে আইসিজে বলেছে, মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটিত করেছে।

আদালত বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা করেছে।

এসব অপরাধের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি, বিদ্বেষমূলক বক্তব্য, গ্রাম ধ্বংস এবং জনগোষ্ঠীটির অস্তিত্বের ভিত্তিকে আঘাত করে এমন কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে আদালত।

গণহত্যা প্রমাণের ক্ষেত্রে শুধু বিপুলসংখ্যক মানুষ হত্যা যথেষ্ট নয়। কোনো জাতিগত, ধর্মীয় বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় থাকতে হয়। আইসিজের বিবেচনায় মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাখ্যা হিসেবে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত।

এটি আইসিজের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করার রায়। এর আগে ২০০৭ সালে বসনিয়ার গণহত্যার ঘটনায় সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দায়ী করেছিল আদালত। তবে সে সময় সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেয়নি।

শরণার্থী বিশেষজ্ঞ অধ্যাপক রাহমান নাসির উদ্দীন বলেন, গণহত্যা এবং অনেক মানুষকে হত্যা করা বা ‘মাস কিলিং’ এক বিষয় নয়। গণহত্যা প্রতিষ্ঠার জন্য হত্যা ছাড়াও গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, জীবনধারণের জন্য ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি এবং জন্ম প্রতিরোধের মতো বিষয় বিবেচনায় আসে।

তার ভাষায়, গণহত্যার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ‘ইনটেন্ট টু ডেস্ট্রয়’, অর্থাৎ একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য।

রোহিঙ্গা মানবাধিকার কর্মী রাহিমা খুশির কাছে এই আইনি স্বীকৃতির আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, মামলার সাক্ষ্য সংগ্রহ থেকে শুরু করে আদালতের শুনানি পর্যন্ত রোহিঙ্গাদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরার কাজে তিনি যুক্ত ছিলেন।

তিনি বলেন, “আমাদের সাক্ষ্যগুলোকে আদালত বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের জন্য খুবই বড় মুহূর্ত। আমরা দীর্ঘদিন ধরে এমন একটি ফলের অপেক্ষায় ছিলাম।”

মিয়ানমার সরকার কর্তৃক নাগরিকত্ব কেড়ে নিয়ে রোহিঙ্গাদেরকে কখনও ‘বাঙালি’ আবার কখনও ‘মুসলিম সংখ্যালঘু’ জনগোষ্ঠী হিসেবে অভিহিত করার বিপরীতে এই রায়ে তাদের ‘রোহিঙ্গা পরিচয়’ বেরিয়ে আসাকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।

তিনি বলেন, আইসিজের যুক্তিতর্কেও রোহিঙ্গাদেরকে বাঙালি হিসেবে অভিহিত করেছিল মিয়ানমার সরকার। কিন্তু আদালত তথ্য-উপাত্ত, সাক্ষ্য পর্যালোচনা করে বলেছে, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিসত্তা এবং তারা বাঙালি না।

“রোহিঙ্গারা যে মিয়ানমারেরই লোক এবং তাদের একটা আইডেন্টিটি আছে, একটা ক্যারেক্টার আছে এবং রোহিঙ্গা শব্দটা দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছে।”

তিনি বলেন, “মিয়ানমার এতদিন ধরে রোহিঙ্গাদেরকে বাঙালি বলে এবং তাদের এই রোহিঙ্গা শব্দ ব্যবহার থেকে বিরত থাকার জন্য যে চেষ্টাটা করেছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে পুরোপুরি বাতিল হয়ে গেছে এবং এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা একটা গোষ্ঠী হিসাবে এবং রোহিঙ্গা নাম নিয়ে তাদের যে চরিত্রটা, এটা প্রতিষ্ঠিত হয়েছে।

“এটা হল রোহিঙ্গাদের জন্যে, তাদের আইডেন্টিটি তৈরি করা মানে এটা একটা ডকুমেন্ট হল আইডেন্টিটি এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এটা হল প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন রোহিঙ্গারা এটার বেসিসে ভবিষ্যতে ফাইট করতে পারবে।”

রায়ে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের জায়গা-সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকেও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বর্ণনা করেন সাবেক এই রাষ্ট্রদূত।

তিনি বলেন, “মিয়ানমারকে বলছে যে তোমরা রেস্টিটিউশনের অধীনে তাদেরকে ডিগনিফাইড ওয়েতে ফেরত নিয়ে, তাদেরকে তাদের নিজের জায়গায় থাকতে দিবা, সম্পত্তি ফেরত দিবা ইত্যাদি ইত্যাদি। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আমার কাছে মনে হয় অফ অল দ্য থিংস।

“এইটা এই রোহিঙ্গা প্রত্যাবাসনকে ফ্যাসিলিটেট করবে, রোহিঙ্গাদের আইডেন্টিটি প্রতিষ্ঠায় সহায়তা করবে। এবং এই প্রক্রিয়াটা কতটা হল, সেটা আবার দুই বছর পরে কোর্টকে জানাতে বলছে তারা। এই হল মোদ্দাকথায়।”

এই দুয়ের সঙ্গে রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতির কারণে রোহিঙ্গাদের জন্য ‘এর চেয়ে ভালো এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত আসতে পারে’ বলে মনে না করার কথা বলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এই সভাপতি।

“এটা খুবই রোহিঙ্গাদের পক্ষে, রোহিঙ্গাদের সুদূরপ্রসারীভাবে, ইতিবাচকভাবে এই রায়টা এসছে। মিয়ানমার এগুলো মানতে বাধ্য হওয়ার কথা বলেছে আদালত। এখানে আপিলের আর কোনো জায়গা নেই।”

আনন্দের সঙ্গে ক্ষোভও রোহিঙ্গাদের

রায়ের খবরকে স্বাগত জানালেও রোহিঙ্গাদের মধ্যে শুধু আনন্দ নয়, অতীতের নির্যাতনের স্মৃতি থেকে ক্ষোভও তৈরি হয়েছে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোহিঙ্গাদের ওপর কয়েক দশক ধরে চালানো নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তারা আনন্দিত। কিন্তু রায় ঘোষণার দিন অতীতের হত্যাকাণ্ড, নিপীড়ন ও নির্যাতনের স্মৃতিও ফিরে এসেছে।

তিনি বলেন, “আজকে আমরা খুশি, আবার ক্ষুব্ধও। মিয়ানমার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ও রাখাইনের উগ্রবাদীরা আমাদের ওপর যে নির্যাতন করেছে, সেসব কথা আজ আবার মনে পড়ছে।”

সৈয়দ উল্লাহর মতে, এই রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরাসরি সমাধান নয়, তবে প্রত্যাবাসনের দাবির পক্ষে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করেছে।

তার প্রত্যাশা, বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা সংস্থাগুলো সমন্বিতভাবে রায় বাস্তবায়নে উদ্যোগী হবে।

তিনি বলেন, “আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে রোহিঙ্গাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।”

আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমানও রায়কে শুধু রোহিঙ্গাদের জয় হিসেবে দেখতে চান না।

তার ভাষায়, “এটা আমাদের জয় না, এটা পৃথিবীর জয়, মানবতার জয়, আন্তর্জাতিক আইনের জয়।”

মুজিবুর মনে করেন, আন্তর্জাতিক আদালতের এই স্বীকৃতির পর রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা আর অস্বীকার করার সুযোগ থাকবে না। এখন জাতিসংঘ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রায়ে কী নির্দেশনা দিল আদালত

রায়টির গুরুত্ব শুধু গণহত্যার স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়। মিয়ানমারের দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দিয়েছে আইসিজে।

আদালত মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের অধীনে চলমান লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন, অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে বলেছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে নিশ্চয়তা দিতে হবে দেশটিকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য প্রতিকার হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের কথা বলেছে আদালত।

এছাড়া গণহত্যার কারণে রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও নির্ধারণ করেছে আইসিজে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে মিয়ানমারকে।

অর্থাৎ, প্রত্যাবাসনকে শুধু রাজনৈতিক আলোচনার বিষয় হিসেবে নয়, গণহত্যার ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করার আইনি কাঠামোর অংশ হিসেবেও বিবেচনা করেছে আদালত।

তবে আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে। আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক। কিন্তু আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সরাসরি প্রয়োগকারী বাহিনী নেই।

ফলে মিয়ানমার রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক চাপ এবং প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

প্রত্যাবাসনের পথ খুলবে?

রোহিঙ্গাদের জন্য রায়টির সবচেয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছে নিজ দেশে ফেরার প্রশ্নে। কিন্তু আদালতের স্বীকৃতি এবং বাস্তবে রাখাইনে ফিরে যাওয়ার মধ্যে যে ব্যবধান, তা সহজে দূর হওয়ার নয় বলে মনে করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি বিশেষজ্ঞ আলতাফ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই রায় রোহিঙ্গাদের জন্য একটি ‘নৈতিক বিজয়’। এর ফলে বিশ্বজুড়ে তাদের প্রতি সহানুভূতি বাড়বে, মিয়ানমারে ফিরে যাওয়ার দাবিও জোরালো হবে।

এমনকি যেসব দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, সেসব দেশেও তাদের জোর করে সরিয়ে দেওয়ার বিষয়টি এখন আরও কঠিন হবে।

আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশও এই রায়ের ফলে কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে গেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে শরণার্থী শিবির পরিচালনা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাড়তি সহায়তা চাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে কয়েকটি বড় প্রশ্ন রয়েছে।

প্রথমত, রাখাইনের উত্তরাঞ্চলে এখন মিয়ানমারের সামরিক বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ নেই। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। ফলে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হলেও তাদের নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে আরাকান আর্মির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দ্বিতীয়ত, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সেখানে নিরাপদ অঞ্চল বা নিরাপত্তা নিশ্চয়তা কীভাবে তৈরি হবে, তা স্পষ্ট নয়।

আলতাফ পারভেজ বলেন, “ধরা যাক, মিয়ানমার সেনাবাহিনী রাজি হলো, আরাকান আর্মিও রাজি হলো। তারপরও উত্তর রাখাইনে রোহিঙ্গাদের পাঠাতে হলে একটা নিরাপদ অঞ্চল গড়ে তুলতে হবে। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিভাবকত্ব প্রয়োজন হবে। এখানে বাংলাদেশেরও বড় ভূমিকা থাকবে।”

তার মতে, এ ক্ষেত্রে চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ। কারণ, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের ওপর চীনের প্রভাব রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারের প্রতি আগের মতো সমর্থন অব্যাহত রাখা চীনের জন্যও কূটনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে।

একই সঙ্গে আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও এই রায়ের প্রভাব পড়তে পারে।

আলতাফ পারভেজ বলেন, রায়ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নতুন দায়িত্ব তৈরি হয়েছে। গণহত্যার শিকার একটি জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরানোর পরিবেশ তৈরিতে বিশ্বকে ভূমিকা রাখতে হবে।

‘নতুন শক্তি’ পেল বাংলাদেশ

গণহত্যার স্বীকৃতি এবং প্রত্যাবাসনের বাধ্যবাধকতা তৈরি করে দেওয়ায় রায়টি বাংলাদেশের সামনে নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, “আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ এখন নতুন শক্তি সঞ্চয় করল।

“এখন মিয়ানমারকে আপনি কথাটা বলতে পারেন যে, ভাই তুমি যদি এটা বাস্তবায়ন করতে চাও, তাহলে আমি তোমাকে সহায়তা করতে পারব। এটা আমরা বলতে পারি।”

আইসিজে এর বিচারকাজে গাম্বিয়ার সঙ্গে যুক্ত হওয়া দেশগুলোও এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া শুরু করতে পারে বলেও মনে করছেন তিনি।

এক্ষেত্রে ওই মামলার সঙ্গে যুক্ত যুক্তরাজ্য থেকে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কার করার উদাহরণ টানেন তিনি।

এই রায়কে সামনে রেখে বাংলাদেশও অন্যান্য দেশকে সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, “তাদেরকে বলতে পারি, ‘তোমরা এবার মিয়ানমারের বিরুদ্ধে অ্যাকশনে যাও। মিয়ানমারকে তোমরা বলো, পারসু করো এদের নেওয়ার জন্য’।

“এমনকি, আমি মনে করি চীন, রাশিয়ার মতো দেশ যারা মিয়ানমারকে ডিফেন্ড করে, আমরা তাদের সাথে গিয়ে বলতে পারি, ‘ভাই, তোমরা এখন এই দায়িত্ব কেন নিবা? তোমরা বলো মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিয়ে সমস্যার সমাধান করতে’।”

গবেষক আলতাফ পারভেজও বলছেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দুটি দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে পারবে। একটি হচ্ছে, রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তার জন্য বাড়তি অর্থায়ন। অন্যটি হচ্ছে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ।

বিশেষ করে আসিয়ানের সদস্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশ এ রায়কে কাজে লাগাতে পারে।

এতদিন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনায় মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা, নাগরিকত্বের স্বীকৃতি এবং নিরাপত্তার বিষয়গুলো প্রধান হয়ে উঠেছিল। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আদালতের নির্ধারণ করা রাষ্ট্রীয় দায় এবং ক্ষতিপূরণের বাধ্যবাধকতা।

এটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও দায়িত্ব তৈরি করেছে।

তবে রায় বাস্তবায়নে আন্তর্জাতিক রাজনীতির হিসাব-নিকাশ বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

বিচার শেষ নয়, শুরু নতুন লড়াইয়ের

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, এই প্রথম আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের দায়ে দায়ী করেছে।

তবে এই রায়ের মাধ্যমে ব্যক্তি বিশেষের ফৌজদারি অপরাধের বিচার শেষ হয়ে যায়নি। আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে। আর নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানের।

ফলে মিয়ানমারের সামরিক নেতৃত্বসহ অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির প্রশ্নটি আলাদা গুরুত্ব বহন করছে।

অধ্যাপক রাহমান নাসির উদ্দীনের মতে, এই রায়ের তিনটি বড় প্রভাব রয়েছে। প্রথমত, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের ভিত্তি তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থের বাইরে ন্যায়বিচারের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয়ত, রোহিঙ্গা সংকটের একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হয়েছে, যা মিয়ানমারের ওপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বৃহস্পতিবারের রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। তার বক্তব্য, এই রায় প্রমাণ করে যে ভয়াবহ অপরাধের দায়মুক্তি মেনে নেওয়া যায় না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

হেগে রায় ঘোষণার পর রাহিমা খুশি ও তার সঙ্গে থাকা রোহিঙ্গা প্রতিনিধিরা আনন্দ উদ্‌যাপন করেছেন। কিন্তু বাংলাদেশের শরণার্থী শিবিরে কিংবা রাখাইনে থাকা রোহিঙ্গাদের জীবনে এই রায়ের বাস্তব পরিবর্তন আসতে এখনো অপেক্ষা করতে হবে।

রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহর কথায়, তারা আজ খুশি, আবার ক্ষুব্ধও। কারণ, এই রায় তাদের ওপর চালানো নির্যাতনের স্মৃতি ফিরিয়ে এনেছে।

সেই স্মৃতি থেকে মুক্তি পেতে তাদের প্রত্যাশা শুধু গণহত্যার স্বীকৃতি নয়, নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অধিকার, নিরাপত্তা, নাগরিকত্ব এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা।

আন্তর্জাতিক আদালতে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এখন প্রশ্ন, সেই আদালতের রায় বাস্তবায়নে বিশ্ব কতটা দায়িত্ব নেয়।

পুরনো খবর:

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আন্তর্জাতিক আদালতের