পুরনো ঠিকানায় ফেরার প্রশ্নে ফের্নান্দসের ভাবনা
তার কথায় ইঙ্গিত, পচেত্তিনোর হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেড পথে ফিরতে পারবে কিনা, সেটার ওপরও যেন নির্ভর করছে তার ভবিষ্যৎ পরিকল্পনা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন ব্রুনো ফের্নান্দস, দলের দু:সময়ে নেতৃত্বভারও কাঁধে বয়ে নিয়ে চলেছেন তিনি। কিন্তু বছরের পর বছর সাফল্য খরায় ভবিষ্যৎ নিয়ে যেন নতুন করে ভাবতে শুরু করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। তাইতো সাবেক ক্লাব স্পোর্তিংয়ে ফেরার প্রশ্নে, সম্ভাবনা উড়িয়ে দিলেন না ফের্নান্দস।
মাঠের পারফরম্যান্সে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইউনাইটেড। তিন মাস হতে চলল প্রিমিয়ার লিগে জয়ের দেখা পায়নি তারা। ছিটকে গেছে লিগ কাপের শুরুতেই। হতাশাময় পথচলায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্নান্দসের জোড়া গোলে এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু পরে আরেক গোল খেয়ে ২-২ ড্র করে তারা।
২০১৭ থেকে ২০২০ পর্যন্ত এই স্পোর্তিংয়ে খেলেই ইউনাইটেডে পাড়ি জমান ফের্নান্দস। সেই দলের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার প্রশ্নে স্পোর্ত টিভিকে তিনি বলেন, “(এই দরজা তো) কখনোই বন্ধ হয়ে যায়নি। যেমনটা আমি আগেও বলেছি, স্পোর্তিং আমার হৃদয়ে একটা স্পেশাল জায়গা জুড়ে আছে… এবং তেমনটাই থাকবে।”
অবশ্য সেটার আগে, বর্তমানই ফের্নান্দসের মূল ভাবনা, যেখানে ইউনাইটেডকে কক্ষপথে ফেরানোই তার একমাত্র লক্ষ্য। টানা ব্যর্থতায় কোচ মাইকেল ক্যারিককে ছাঁটাই করে সম্প্রতি মাউরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দিয়েছে ক্লাবটি। অবশ্য তার হাত ধরে দুটি ম্যাচ খেলেও এখনও জয়হীন তারা; প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, স্পোর্তিংয়ের মাঠে এই ড্র।
চলতি মৌসুম শেষে ইউনাইটেডে ফের্নান্দসের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা হলেও, কদিন আগে ফের্নান্দস জানান এখনই এই আলোচনায় বসতে চান না তিনি। আর এখন তার কথায় ইঙ্গিত মিলল যে, পচেত্তিনোর হাত ধরে দল পথে ফিরতে পারবে কিনা, সেটার ওপরও যেন নির্ভর করছে তার ভবিষ্যৎ পরিকল্পনা।
“(চুক্তি হবে কি-না), সেটা আসলে অনেকটা বর্তমান কোচ, প্রেসিডেন্ট, এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে- এর মধ্যে অবশ্যই আমার নিজের চিন্তা-ভাবনাও আছে।”
স্বদেশের প্রিয় ক্লাবে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফের্নান্দস।
“তবে আমি ওই দরজা (স্পোর্তিংয়ে ফেরার সম্ভাবনা) বন্ধ করে দিচ্ছি না, এবং আমি তা কখনোই করব না, কারণ সেখানে আমি খুব সুখে ছিলাম। অনেক খেলোয়াড় যেমন বলে, ‘ওই জায়গায় খুব ভালো ছিলাম, কিন্তু আর কখনও সেখানে ফিরব না’ আমার চিন্তা-ভাবনা তাদের মতো নয়।
“আমি বিশ্বাস করি, যেহেতু এখানে (স্পোর্তিংয়ে) একবার আমি সুখী ছিলাম, তাহলে আবার এখানে সুখী হতে পারি, যদি তেমন পরিস্থিতি (আমার এখানে আসার) তৈরি হয়।”
প্রিমিয়ার লিগে তলানির দলের চেয়ে কেবল ১ পয়েন্ট বেশি নিয়ে ১৯ নম্বরে থাকা ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে ১৯ নম্বরে।
