০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ম‍্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা দেখছেন টেন হাগ

প্রিমিয়ার লিগের অন‍্য দলগুলো বেশ শক্তিশালী হওয়ায়, এই মৌসুমে নিজের সাবেক ক্লাবের শেষ তিনে থাকার ‘বাস্তবিক সম্ভাবনা’ দেখছেন এই ডাচ কোচ।

ম‍্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা দেখছেন টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ব্যর্থতায় চাপ আরও বাড়ছে কোচ মাইকেল ক্যারিকের ওপর। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:21 PM

Updated : 02 Nov 2026, 03:21 PM

চলতি মৌসুমে সময়টা মোটেও ভালো কাটছে না ম‍্যানচেস্টার ইউনাইটেডের। দীর্ঘ পথের এখনও অনেকটা বাকি থাকলেও, প্রিমিয়ার লিগ থেকে তাদের অবনমনের শঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওল্ড ট্র‍্যাফোর্ডের ক্লাবটির সাবেক কোচ এরিক টেন হাগও বলেছেন, প্রতিযোগিতার অন‍্য দলগুলোর শক্তির কথা ভাবলে ইউনাইটেডের অবনমনের ‘বাস্তবিক সম্ভাবনা’ দেখা যায়।

গত শনিবার চেলসির বিপক্ষে ২-০ ব‍্যবধানের হারে ইউনাইটেডের অবস্থা হয়েছে আরও সঙ্গীন। অবনমন অঞ্চল থেকে স্রেফ এক ধাপ উপরে আছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।

৯ ম‍্যাচে স্রেফ সাত পয়েন্ট পেয়েছে ইউনাইটেড। ক্রিস্টাল প‍্যালেসের চেয়ে গোল পার্থক‍্যে এগিয়ে থেকে অবনমন অঞ্চলের বাইরে আছে তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম‍্যাচে কোনো জয় পায়নি তারা। অপ্টার তথ‍্য অনুযায়ী, ১৯৮৪ সাল থেকে এটাই তাদের সর্বোচ্চ ম‍্যাচে জয়হীন থাকা। ১৯৮৮ সালের অক্টোবর-নভেম্বরেও এমন তেতো অভিজ্ঞতা হয়েছিল তাদের।

Image

এরিক টেন হাগ। ফাইল ছবি: রয়টার্স

চেলসি ম্যাচের আগে, প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ৪-১ এবং চ‍্যাম্পিয়ন্স লিগে কোমোর বিপক্ষে ৩-০ গোলে হারের পরও ম‍াইকেল ক‍্যারিকের ওপর আস্থা রাখে ইউনাইটেড বোর্ড। ক‍্যারিক যে পরিস্থিতির মধ‍্য দিয়ে যাচ্ছেন, তা বেশ চেনা টেন হাগের।

শেষ পর্যন্ত অবশ্য ছাঁটাই হতে হয়েছিল এই ডাচ কোচকে। তার কাছে ইএসপিএন জানতে চায় অর্ধশতাব্দীর মধ‍্যে প্রথমবার শীর্ষ লিগ থেকে ইউনাইটেড অবনমিত হতে পারে কিনা।

“প্রিমিয়ার লিগে, অবশ‍্যই এটা সম্ভব। কারণ, সব দলই এখানে শক্তিশালী।

“প্রত‍্যেকের শক্তিশালী স্কোয়াড আছে, ভালো কোচ আছে। আর আপনি যদি একবার ভুল প্রান্তে চলে যান, তখন আপনি ওই বাজে চক্রে পড়ে যাবেন- হ‍্যাঁ, এরপর সবকিছু খুব, খুব কঠিন হতে পারে।”

২০২২ সালে ইউনাইটেডে যোগ দেন টেন হাগ। দলকে এফএ কাপ ও লিগ কাপ জেতান তিনি। পরে ২০২৪ সালে ছাঁটাই হন তিনি। এখন টেকনিক‍্যাল ডিরেক্টর হিসেবে স্বদেশের ক্লাব এফসি টোয়েন্টির সঙ্গে কাজ করছেন তিনি।

“আমরা আসার আগে, ছয় বছর শিরোপাশূন‍্য ছিল ইউনাইটেড। আর দেখুন এখন তারা কোথায় আছে।”

পরের ম্যাচে মঙ্গলবার চ‍্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে খেলবে ইউনাইটেড। এরপর, রোববার প্রিমিয়ার লিগে তারা মুখোমুখি হবে অ‍্যাস্টন ভিলার।