২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর চোটে ‘মৌসুম শেষ’ দুয়ের

এক মাসের মধ্যে একই ধরনের চোটে আক্রমণভাগের দুই ফুটবলারকে হারাল পিএসজি।

গুরুতর চোটে ‘মৌসুম শেষ’ দুয়ের

চোট পেয়ে ভূপাতিত দেজিরে দুয়ে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 07:42 PM

Updated : 22 Nov 2026, 07:42 PM

পিএসজি কোচের শঙ্কাই সত্যি হলো। গুরুতর চোটে পড়ে কার্যত মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দেজিরে দুয়ে।

নিসের মাঠে শনিবার লিগ আঁয় পিএসজির ৩-২ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন দুয়ে।

পরদিন পিএসজি জানিয়েছে যে, নিসের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে দুয়ের।

এসিএলের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাস থেকে আরও অনেক বেশি সময় লাগে। অতি নাটকীয় উন্নতি না হলে চলতি মৌসুমে দুয়ের খেলার সম্ভাবনা সামান্যই।

ম্যাচের পরই পিএসজি কোচ লুইস এনরিকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, দুয়ের চোট গুরুতর হতে পারে।

“চোটের প্রকৃত অবস্থা জানতে আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটি গুরুতর। একজন পেশাদার ফুটবলারের জীবন এমনই; বুঝতে হবে যে এটি ক্যারিয়ারেরই একটি অংশ এবং তা মেনে নিতে হবে।

“সে হতাশ ও উদ্বিগ্ন। তবে আমার কোনো সন্দেহ নেই যে, আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে সে।”

নিসের মিডফিল্ডার সোফিয়ান দিওপের কাছ থেকে বল আগলে রাখার জন্য দুয়ে যখন ঘুরছিলেন; ঠিক তখনই প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের শারীরিক সংস্পর্শ ছাড়াই তার পা মচকে যায়।

হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন দুয়ে। যন্ত্রণায় তাকে চিৎকার করতে দেখা যায়। কিছুক্ষণ পরই স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, এ সময় তিনি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন।

চোট পাওয়ার মিনিট সাতেক আগে একটি গোল করেন ২১ বছর বয়সি এই ফুটবলার।

এর আগে গত মৌসুমে পায়ের পেশি এবং ঊরুর চোটে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি দুয়ে। তার আগের মৌসুমেও তিনি অ্যাঙ্কেলের চোটে ভুগেছিলেন।

দুয়ের এই চোট কোচ এনরিকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে একইরকম চোট পান খাভিচা কাভারাৎস্খেলিয়া। জর্জিয়ার এই উইঙ্গারেরও মৌসুমের বাকি অংশ খেলার তেমন সম্ভাবনা নেই।

গত মৌসুমে পিএসজির টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা এই দুই খেলোয়াড়ের বিকল্প খুঁজতে হবে এখন পিএসজিকে।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী বুধবার রোমার মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা।