বাসে আগুনের মামলায় যুব মহিলা লীগের পাপিয়া কারাগারে
শনিবার রাত দেড়টার দিকে মিরপুর এলাকার বাসা থেকে পাপিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার মামলায় যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই খালিদুর আশিক তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পাপিয়া সুলতানার পক্ষে তার আইনজীবী শরীফুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেছিলেন।
শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার অভিযোগে বলা হয়, গেল ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরে দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে, ফুট ওভারব্রিজের নিচে ‘রাজধানী’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের ভেতরের সিট, ফ্যান ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরস্পর যোগসাজশে বাসটিতে অগ্নিসংযোগ করেন। এতে বাসের যাত্রীদের হত্যা ও গুরুতর আহত করার চেষ্টা করা হয়। এছাড়া সরকারবিরোধী স্লোগান ও সমাবেশের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।
মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় বাদী হয়েছে পুলিশ।
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন বাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ আলোচনার মধ্যে পাপিয়াকে ধরা হলেও তাকে গ্রপ্তার দেখানো হলো সপ্তাহ খানেক আগের বাসে আগুন দেওয়ার অভিযোগে।
