১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

বাসে আগুন: যুবলীগের সুফলসহ দুজন কারাগারে

মিরপুরে ‘অভিজাত পরিবহনের’ বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 08:12 PM

Updated : 26 Sep 2026, 08:12 PM

ঢাকার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোতাহার হোসেন খান সুফলসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তাদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছেন রোববার।

প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।

কারাগারে পাঠানো আবু জাফর মোল্লা নামে আরেকজনও যুবলীগের রাজনীতি করেন।

যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক সুফল সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর মডেল থানার ‘৬০ ফুট ভাঙ্গাব্রিজ’ এলাকা থেকে সুফলকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই রাত আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা থেকে ধরা হয় আবু জাফরকে।

শনিবার তাদের আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ তাদের জামিন আবেদন করেন। তবে রোববার শুনানি করতে চান বলে আদালতকে জানান। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রাখেন রোববার।

মিরপুর মডেল থানার এ মামলায় বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের ডাকা 'ঢাকা লক ডাউন' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গেল ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুরে ‘অভিজাত পরিবহনের’ একটি বাসে আগুন দেওয়া হয়।