মিরপুরের পর মহাখালীতে বাসে আগুন
সোহাগ পরিবহনের বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি, বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান হোসাইন।
ঢাকার মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
শনিবার রাতে বাসে আগুন দেওয়ার ঘটনা এটি দ্বিতীয়। এর আগে রাত ১০টার দিকে ঢাকার মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ বলেছে, মিরপুরে বাইকে এসে দাঁড়িয়ে থাকা বাসের জানালা দিয়ে পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। তবে বাসের কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসের পেছনের দিকের কয়েকটি আসন পুড়ে যায়।
