২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ

যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:03 AM

Updated : 29 Nov 2026, 12:03 AM

যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার বিকাল ৫টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে বলে খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান।

তিনি বলেন, “বিকালে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাঁধে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে মালিকপক্ষ তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তার কথা ভেবে বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।”

তবে রোববার সকাল থেকে বিকল্প পথে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল করবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের নতুন টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকাল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের বলেন, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনায় তা সীমিত করা হয়েছে।

এর আগে ১৮ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার স্বার্থে এ পথে বাস চলাচল বন্ধ রেখেছিলেন মালিকরা।