১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

“গোপালগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে বিচ্ছিন্নভাবে বাসে হামলা, ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:21 AM

Updated : 19 Nov 2026, 12:21 AM

খুলনা থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার পথে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে টার্মিনালে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, “বুধবার দুপুর গড়াতেই গোপালগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে বিচ্ছিন্নভাবে বাসে হামলা, ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”

জাহিদ হোসেন বলেন, “পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও আপাতত বন্ধ রাখা হয়েছে।”

সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল।

খোলা কাউন্টারগুলোতে ঢাকার যাওয়ার বেশ যাত্রী থাকলেও সাংবাদিক পরিচয় দিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা তেমন আগ্রহ দেখাননি। অনেকেই বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে এসে শোনেন বাস বন্ধ। তারা এক ধরনের ভোগান্তিতে পড়েন।

একজন যাত্রী বলছিলেন, “জরুরি প্রয়োজনে ঢাকায় পৌঁছাতেই হবে ভাই। এমনিতে বিপদে আছি, এর মধ্যে আর আপনারা জ্বালায়েন না ভাই।”

অবশ্য রয়্যাল পরিবহনের একটি বাস আরিচা হয়ে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।

বাসটির এক কর্মী জানান, যাত্রীদের প্রয়োজন বিবেচনায় ঝুঁকি নিয়েই বিকল্প পথে বাস ছাড়ছেন তারা। গোপালগঞ্জে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকরা গাড়ি বের করতে চাইছেন না।

সোনাডাঙ্গা ফাল্গুনী পরিবহনের কাউন্টার ম্যানেজার আবিদ হাসান বলেন, “বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেলেও বিকেলের বাসগুলো ছাড়েনি। বৃহস্পতিবারের শিডিউল থাকলেও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।”

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দৌলতপুর কাউন্টারের ম্যানেজার নাঈম হোসেন বলেন, “গোপালগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা আটকে দেওয়া হচ্ছে। ফলে নিরাপত্তার কারণে মালিকপক্ষ বুধবার বেলা ১টার পর থেকে বাস চলাচল বন্ধ করার নির্দেশ দেয়। ফলে মাওয়া রুটে সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে।”

এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।