বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, যাত্রী ভোগান্তি
তবে সরাসরি ঢাকা-কলকাতা পথের বাসগুলো চলাচল করছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।
বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার পথে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভারত ফেরত যাত্রীদের মধ্যে কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।
বৃহস্পতিবার সকাল থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কলকাতা পথের বাসগুলো চলাচল করছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া যাত্রাপথের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও সহিংসতার খবর জানার কারণে এমনিতেই ভারত থেকে আসা যাত্রীর সংখ্যা একেবারেই কম। যারা নিতান্তই ফিরছেন তারা লোকাল বাস কিংবা ট্রেনে করে যাওয়ার চেষ্টা করছেন।
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের কারণে সরাসরি কোলকাতা-ঢাকার বাস ছাড়া কোনো পরিবহনের বাস গতকাল বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কোলকাতা থেকে ছেড়ে আসা দুটি বাস বেনাপোল থেকে ছাড়া হয়েছে। ভারত থেকে আসা যাত্রীরা অনেকেই সেই বাসে ঢাকায় যান।
“আজ বৃহস্পতিবার কোলকাতা থেকে চারটি বাস আসবে। ভারত থেকে আসা অন্যান্য যাত্রীরাও সেই বাসে গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছেন। এ ছাড়া কোনো বাস নেই।”
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক সহিদুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস ছাড়া হবে।”
কাউন্টারে কথা হয় ঢাকার যাত্রী ফজলুর রহমানের সঙ্গে। তিনি বলেন, “রাতে বাস ছাড়বে এমন কথা কেউ বলতে পারছেন না; তাই বিকল্প পথে ঢাকা যাওয়ার চেষ্টা করছি।”
বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কাউন্টারের ব্যবস্থাপকরা জানান। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রয়েল কোচ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক মুকুল হোসেন বলেন, “পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ীর মত দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে বরিশালগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।”
