১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ: ‘টোকাই দিয়ে’ নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ, বললেন শাহাদাত

“হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে,” বলেন তিনি।

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ: ‘টোকাই দিয়ে’ নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ, বললেন শাহাদাত

চট্টগ্রাম নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:33 PM

Updated : 19 Nov 2026, 04:33 PM

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।

মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করার পর মিছিল করেন দলের নেতাকর্মীরা।

সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ভাড়া করা লোক দিয়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে।

“এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে। অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

শাহাদাত বলেন, “দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই অগাস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে।

“বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।”

সমাবেশের পর শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন।