ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
“দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নতুন বাজার ও গাঙিনারপাড় হয়ে চড়পাড়ায় গিয়ে শেষ হয়।
এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এম এ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, কায়কোবাদ মামুন ও নজরুল ইসলাম ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের এই অপরাজনীতি রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”
