১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, ১৯ দিনে ১২ শিশুর মৃত্যু

সদর হাসপাতালে ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, ১৯ দিনে ১২ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীকে সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:30 PM

Updated : 19 Nov 2026, 04:30 PM

খাগড়াছড়িতে শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।

নভেম্বরের বৃহস্পতিবার পর্যন্ত ঠান্ডাজনিত রোগে অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে; যাদের মধ্যে ছয়জন নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বাড়ায় সদর হাসপাতালের ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি ভর্তি রয়েছে। শয্যা সংকটে অনেক শিশুকে বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।

জ্বর-ঠান্ডা নিয়ে বুধবার শিশুসন্তানকে হাসপাতালে ভর্তি করিয়েছেন নিফুলা ইয়াসিন। তিনি বলেন, ‘বাচ্চার কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডা। জ্বরটা খুব বেশি। গতকাল হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন কিছুটা সুস্থ। আগের তুলনায় ভালো আছে।”

আরেক অভিভাবক ফারজানা ইয়াসমিন বলেন, “বাচ্চার জ্বর, সর্দি ও কাশি। আগের তুলনায় বাচ্চা ভালো আছে। তবে চিকিৎসক বলেছেন, আরও কয়েকদিন থাকার জন্য। এখনই হাসপাতাল থেকে ডিসচার্জ করবে না।”

সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স প্রিয়াঙ্কা রানী ভৌমিক বলেন, চলতি মাস থেকে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

“মায়েদের জন্য আমার এটাই পরামর্শ থাকবে, যেহেতু এখন ঠান্ডা গরম দু-টাই একসঙ্গে ফিল করছি, সেহেতু বাচ্চাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। শিশুরা যাতে ঘেমে না যায় এবং সঙ্গে যদি তার হাত পা ঠান্ডা থাকে অবশ্যই গরম জামাকাপড় পরাবেন। এ ছাড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অনুরোধ থাকবে”, বলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনো ১০০ শয্যার জনবল দিয়ে চলছে চিকিৎসা সেবা। ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। হাসপাতালের নতুন ভবনের কাজ শেষে রোগীদের ভোগান্তি কমবে বলে আশা চিকিৎসকদের।

আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, “শীতের মৌসুম শুরু হয়ে গেছে। এতে করে হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যারা আসছেন, তারা ম্যাক্সিমাম সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া রোগে আক্রান্ত।”

হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রিপল বাপ্পী চাকমা বলেন, ১০০ শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৫০ থেকে ২৬০ জন। হাসপাতালে পর্যাপ্ত মেডিসিন ও লজিস্টিক সাপোর্ট মজুত রয়েছে।

“আমাদের ২৫০ শয্যার জন্য যে নতুন ভবন তৈরি করা হচ্ছে, তা ২০১৯ সালে শুরু হলেও এখনো শেষ হয়নি। যদি সম্পূর্ণ ভবনের নির্মাণ কাজ শেষ হতো রোগীরা স্বস্তি পেত। আর চিকিৎসকরাও স্বস্তি পাব, আমাদের লোকবলও বেড়ে যাবে”, বলেন তিনি।