ঘন কুয়াশা: ২ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
বুধবার সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল ফের শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন।
এর আগে ভোর ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় দুই ঘাটে ৯টি ফেরি নোঙর করে রাখা হয় এছাড়া একটি ফেরি মাঝনদীতে অবস্থান করে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা সালাম বলেন, কুয়াশার কারণে ভোর পাঁচটা থেকে মার্কিন বাতি দেখা যাচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি নোঙর করে রাখা হয়।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়।
এছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে অবস্থান করছিল।
মোহাম্মদ সালাম হোসেন আরো বলেন, পরে কুয়াশা কেটে দৃষ্টিসীমা বাড়ায় আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
