‘ঈদের মতই পূজায়ও প্রস্তুতি’, পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেন রাজীব আহসান।
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ঈদের মত বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ও লঞ্চ চলাচল এবং যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঘাটের চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
একই সঙ্গে ফেরিতে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে যাতায়াতের সার্বিক খোঁজখবর নেন তিনি।
রাজিব আহসান বলেন, পূজার ছুটিতে ঘাটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে সব সংস্থাকে সতর্ক রাখা হয়েছে। নৌপথে নাব্যতা সংকট বা নদীভাঙনের মত কোনো সমস্যা দেখা দিলে বিকল্প ঘাট চালুর ব্যবস্থা রাখা হয়েছে এবং দ্রুত পলি অপসারণের জন্য ড্রেজার প্রস্তুত রাখা হয়েছে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারসহ স্থানীয় প্রশাসন ও নৌ পরিহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
