টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
দণ্ডিত তিনজনকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালক ও তার সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান।
দণ্ডিত তিনজনকেই দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পিপি ওমরাও খান দিপু জানান, ২০২৬ সালের ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ধর্ষণের শিকার ওই নারী ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে গেলে চলন্ত বাসে ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন দণ্ডিতরা।
এ সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘোরাঘুরি করতে থাকেন তাঁরা। পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামানো হয়।
এ সময় ওই নারী এলাকায় টহলরত হাইওয়ে পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। পরে হাইওয়ে পুলিশ বাসসহ দণ্ডিতদের টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওই দিনই ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় দণ্ডিতদের বিরুদ্ধে ওই নারী মামলা করেন বলে পিপি জানান।
