২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দাঁড়ানো ও চলন্ত বাসে আগুন

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 04:06 PM

Updated : 28 Nov 2026, 04:06 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা ও চলন্ত দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ জানায়, ছয়টি মোটরসাইকেলে ১২ জন এসে বাসের নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এরপর তারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও বাসটি পুড়ে যায়।

অন্যদিকে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়। মেঘলা পরিবহনের বাসটি গাউছিয়া থেকে কলাবাগানের দিকে যাচ্ছিল। এতে প্রায় ১৬ যাত্রী ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, যাত্রীবেশে থাকা দুই যুবক বাসে আগুন দেন। এরপর ওই দুই যুবক পালিয়ে যান। বাসে আগুন দেখতে পেয়ে যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে আসেন।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।