২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 10:54 AM

Updated : 28 Nov 2026, 10:54 AM

সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসগুলোর ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে রাখা একটি বাসে আগুন দেয় কে বা কারা।

“পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। “

অপরদিকে, একই দিন ভোরে আশুলিয়া থানাধীন দুটি পৃথক স্থানে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান থানার ওসি মো. তরিকুল ইসলাম।

এর মধ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

ওসি তরিকুল বলেন, ঘটনাগুলো নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।