নিউইয়র্ক সিম্ফনী স্পেসে মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ্যা
কাওয়ালীর জন্ম ভারতীয় উপমহাদেশের দিল্লীতে। ত্রয়োদশ শতকের শেষভাগে দিল্লী সালতানাতের প্রখ্যাত কবি, চিশতিয়া তরিকার সুফি সাধক ও সংগীতজ্ঞ আমির খসরু সাহেব এই সংগীতধারার প্রবর্তন করেন।
ভারতীয় সংগীতের নিবিড় নিবিষ্ট শ্রোতাদের একাংশের মধ্যেও এরকম বিভ্রান্তি প্রচলিত আছে যে, কাওয়ালী গজলেরই একটি ভিন্ন ধারার পরিবেশনা। একথা ঠিক, কাওয়ালীর আসরে গজলও গাওয়া হয়ে থাকে। তবে কাওয়ালী ও গজল সম্পূর্ণ আলাদা ঐতিহ্য ও পৃথক বৈশিষ্ট্যের গান। গায়কীও আলাদা। পার্থক্যসমূহ আমরা এভাবে চিহ্নিত করতে পারি—
প্রথমত, কাওয়ালী সুফী ভাবধারার আধ্যাত্মিক সংগীত। ঈশ্বর প্রেম ও আধ্যাত্মই এই ধারার সংগীতের আরাধ্য।
গজল ফার্সি ও উর্দু সাহিত্যের একটি প্রাচীন কাব্যধারার সংগীতরূপ।
দ্বিতীয়ত, আল্লাহ্র প্রতি প্রেম ও কৃতজ্ঞতা প্রকাশ কাওয়ালীর প্রধান উপজীব্য বিষয়। কাওয়ালীতে হামদ, নাত, মানকাবাত ও কাফি গীত হয়।
গজল ছন্দ ও অন্তমিলযুক্ত দ্বিপদী পঙক্তি( যাকে শের বলা হয়)। আাধ্যাত্মিক প্রেমের পাশাপাশি জাগতিক প্রেম, বিরহ ও দর্শন গজলের বিষয়ভূক্ত।
তৃতীয়ত, কাওয়ালী গাওয়া হয় সমবেত কন্ঠে। একজন বা দুইজন প্রধান গায়ক থাকেন। দলের বাদবাকী একদল মানুষ যাদেরকে দোহার বলা হয়ে থাকে, তাঁরা হাততালি সহযোগে ঢোলক বা তবলা ও হারমোনিয়াম বাজিয়ে গানগুলি গেয়ে থাকেন।
গজল সাধারণত মৃদু ও কোমল স্বরে একক বা স্বল্প পরিসরে গীত হয়।শাস্ত্রীয় বা রাগনির্ভর এবং ইসলামী গজল বা নাশিদ, গানের ধরন অনুযায়ী বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। শাস্ত্রীয় ও রাগনির্ভর গজল পরিবেশনায় তবলা, হারমোনিয়াম, সারেঙ্গী, বাঁশি, সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। ইসলামী গজলে শরীয়তের নির্দেশের মান্যতা দিয়ে সাধারণত বাদ্যযন্ত্রের ব্যবহার হয় না।
গজলের জন্ম হয় সপ্তম শতাব্দীতে। প্রাচীন আরবী কবিতা ও ‘কাসিদা’র অংশ হিসাবে এবং পরবর্তীতে ফারসি ও উর্দু সাহিত্যের হাত ধরে সংগীত ও কাব্যরূপে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রবল জনপ্রিয়তা পায়।
কাওয়ালীর জন্ম ভারতীয় উপমহাদেশের দিল্লীতে। ত্রয়োদশ শতকের শেষভাগে দিল্লী সালতানাতের প্রখ্যাত কবি, চিশতিয়া তরিকার সুফি সাধক ও সংগীতজ্ঞ আমির খসরু সাহেব এই সংগীতধারার প্রবর্তন করেন। তুর্কি পিতা ও রাজপুত মাতার সন্তান আমীর খসরু ফার্সি ছাড়াও হিন্দভী( উর্দু ও হিন্দি) এবং পাঞ্জাবী ভাষায় লিখতেন। পরবর্তীতে ভারতীয় , পার্সিয়ান, আরবি ও তুর্কি সংগীতের ঐতিহ্যের অনুসরণে ও সমন্বয়ে কাওয়ালির বর্তমান আদলটি গড়ে ওঠে।
শুরুতে খাজা গরীবে নেওয়াজ মঈনউদ্দিন চিশতীর মাজারে কাওয়ালী গাওয়া হতো। ক্রমান্বয়ে এই সংগীতের প্রসারতা ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পাক ভারতীয় উপমহাদেশে। এবং প্রথমত ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের দরাজ কন্ঠ, সংগীতে প্রবল জ্ঞান ও দখলের কারণে তাঁর গান ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। বলিউডের সিনেমায় কাওয়ালির ব্যবহার নতুন মাত্রা যুক্ত করে দেয়। কাওয়ালির জনপ্রিয়তা হলিউডের সিনেমা অব্দি পৌঁছে যায় একদা। ‘ডেড ম্যান ওয়াকিং’ এবং ‘লাষ্ট টেম্পটেশন অব ক্রাঈষ্ট’ সিনেমায় কাওয়ালির ব্যবহার সে প্রমাণ নিশ্চিত করে।
উপমহাদেশীয় কাওয়ালির বিশ্বজয়ে আধুনিক ফিউশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের অবদান
পাকিস্তান ও ভারতের কোক স্টুডিওর প্রচারিত তাজদার ই-হারাম’ বা ‘আফরিন আফরিন’ -এর মতো ক্ল্যসিক কাওয়ালি মডার্ন ভার্সনে পরিবেশিত হয়ে ইউটিউব ও স্পটিফাইয়ে কোটি কোটি ভিউ অর্জন করেছে।
এছাড়াও বর্তমানে জগদ্বিখ্যাত কাওয়াল সাবরি ব্রাদার্স, আজিজ মিয়াঁ, আবিদা পারভীন এবং রাহাত ফতেহ আলী খানের কাওয়ালিকে সঙ্গী করে নিরলস বিশ্বভ্রমণ ও লাইভ কনসার্ট সংগীতমহাবিশ্বে কাওয়ালিকে মর্যাদা ও তুমুল জনপ্রিয়তা দিয়েছে।
এই ধারাবাহিকতায় দুটি বিশিষ্ট নাম ওস্তাদ ফরিদ আইয়াজ এবং ওস্তাদ আবু মোহাম্মাদ কাওয়াল। তাঁরা তাদের দল নিয়ে মধ্য অক্টোবর থেকে নভেম্বর পুরো মাস আমেরিকা যুক্তরাষ্ট্র সফরে আছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭ঃ০০ টায় ছিল নিউইয়র্কের বিখ্যাত সিম্ফনী স্পেসে ‘পিটার জে শার্প’ থিয়েটারে তাঁদের অত্যন্ত সফল তিন ঘন্টার পরিবেশনা।
পিটার জে শার্প থিয়েটারের বর্তমান দর্শক আসন সংখ্যা ৭১৫। হল পরিপূর্ণ ছিল সংগীত-সমঝদার শ্রোতায়। তিন সপ্তাহ আগেই সবগুলো টিকিট সোল্ড হয়ে গিয়েছিল। সংগীতপিপাসু অনেক শ্রোতাই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন নিশ্চয়ই! কাঁটায় কাঁটায় ৭ঃ০০ টায় না হয়ে মিনিট পনের বাদে শুরু হয়েছিল। তুমুল করতালির মধ্যে তাঁরা এলেন। বসলেন, বাদ্যযন্ত্র ও মাইক্রোফোন দেখে নিলেন। শুরু হলো ‘ভ্যাগাবণ্ড মিডিয়া প্রেজেন্ট’-এর উপস্থাপনা। শুরুতেই শিকওয়া ও জাওয়াব ই শিকওয়া। নাম শুনেই আল্লামা ইকবালের কবিতার কথা স্মরণে আসে।
পরবর্তী প্রজন্মের শিল্পী ঘায়ুর মইজ কাওয়াল অ্যাণ্ড ব্রাদার্স এবং মুস্তাফা আবু মোহাম্মাদ কাওয়াল অ্যাণ্ড ব্রাদার্স ‘জওয়াবি কাওয়ালি’ (কবিতা ও সুরে প্রশ্নোত্তর) পরিবেশন করেন।
মূল পরিবেশনা: ওস্তাদ ফরিদ আয়াজ এবং ওস্তাদ আবু মোহাম্মাদ কাওয়াল পরিবারের পুরো ১৩ জন শিল্পীকে নিয়ে যোগ দিলেন মূল পরিবেশনায়। মঞ্চে এবং একই সাথে সকল দর্শক-শ্রোতা দাঁড়িয়ে ওস্তাদদের সম্মান জানালেন। সাথে তুমুল করতালি ও হর্ষধ্বনি। মঞ্চ জুড়ে অন্যরকম এক আনন্দ ও উত্তেজনাময় পরিবেশ!
কাওয়ালি অন্যসব গান থেকে আলাদা। খুব চড়া ও দরাজ গলার গান। অত্যন্ত উত্তেজনাময়। প্রতিটি গান লম্বা দমের দীর্ঘ সময় ধরে ভিন্ন আত্মমগ্নতার গায়কীতে গাওয়া। শ্রোতারাও সহজে গানের সাথে একাত্ম হয়ে করতালি সহযোগে যুক্ত হয়ে যান। হলভরা মানুষ শিল্পীদের গান শুনছেন। গানের উচ্চকণ্ঠ ছাড়া আর কোন শব্দ, কোন কথা নেই হলের ভিতরে। নিউইয়র্কে ওস্তাদ ফরিদ আয়াজের বিদায়ী কনসার্ট, তাই তাঁরা আমির খসরু ও প্রাচীন সুফি ঘরানার ঐতিহ্যবাহী কাওয়ালিগুলোই পরিবেশন করেছেন। একটা করে গান শেষ হয়। বিপুল করতালি ও হর্ষধ্বনিতে শ্রোতারা তাঁদের আবেগ ও ভালোবাসা জানান দেন।
ওঁরা একে একে গাইলেন ‘কুন ফায়া কুন’, ‘আজ রঙ হ্যায়’ ‘মন কুন্তো মাওলা’ ‘হর লেহজা’ ও তুমুল জনপ্রিয় সকলের পছন্দের গান ‘পিয়া ঘর আয়া’।
এখানেই সমাপ্তি টানা যেত অনুষ্ঠানের। কিন্তু অনুষ্ঠানটি কাওয়ালির। আর এত বড় বিখ্যাত শিল্পীর কনসার্ট, জনপ্রিয়তম কাওয়ালি ‘দমাদম মাস্ত কলন্দর’ ছাড়া শেষ হয় কী করে? আর দর্শক-শ্রোতারাই বা মানবেন কি করে? সুতরাং শেষ গান। প্রলম্বিত হয়ে চলল দীর্ঘ সময় ধরে। সাথে নিজ নিজ আসনের সামনে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধ শ্রোতার দল। তাঁরা অংশীদার যেন এই বিশেষ গানের! মঞ্চের ব্যাকড্রপে বিভিন্ন অনুষ্ঠানে গীত এই গানে শিল্পী ও ভক্তশ্রোতাদের আত্মনিবেদনের ভিডিওচিত্রের প্রদর্শনী! করতালি যেন থামছেই না। হাতে হাতে জ্বলে উঠল স্মার্ট ফোনে ক্যামেরার ফ্ল্যশ লাইট। উঠছে ছবি। ফ্রেমবন্দী হচ্ছে স্মৃতিময় মুহূর্ত! রুনা লায়লার কথা খুব করে মনে হলো। এই বিশেষ কাওয়ালি গেয়ে তিনি একদা জগৎ মাতিয়েছিলেন!
হল থেকে বেরিয়ে প্রথমেই বন্ধু তাপস গায়েনকে একটি উষ্ণ ও আন্তরিক ধন্যবাদ! এই আনন্দময় সন্ধ্যাটি ওরই সৌজন্যে। তিন সপ্তাহ আগে টিকিট কেটে রেখেছিল। মন-ভরা আনন্দ নিয়ে ঘরে ফিরলাম।
