৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

দুঃস্বপ্নের অভিষেকের পর আকিব নাবির নতুন সুযোগ

নিউ জিল্যান্ডে পুরো ওয়ানডে সিরিজের জন্যই ভারতীয় দলে জায়গা পেয়েছেন কাশ্মীরের এই সুইং বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 12:19 PM

Updated : 31 Oct 2026, 12:19 PM

বহু কাঙ্ক্ষিত অভিষেক রূপ নিয়েছিল বিভীষিকায়। তবে ভারতীয় দলে আকিব নাবির দুয়ার বন্ধ হয়ে যায়নি। বরং সুযোগের সীমানা বেড়ে গেল আরও। নিউ জিল্যান্ডে পুরো ওয়ানডে সিরিজের জন্যই ভারতীয় দলে যুক্ত করা হলো কাশ্মীরের এই সুইং বোলারকে।

প্রাথমিকভাবে শুধু চতুর্থ ও পঞ্চম ওয়ানডের ভারতীয় দলে ছিলেন নাবি। এবার তাকে নেওয়া হয়েছে প্রথম তিন ওয়ানডের স্কোয়াডেও। চোটে ছিটকে পড়া প্রাসিধ কৃষ্ণার বদলেই মূলত সুযোগটি পেয়েছেন ২৯ বছর বয়স পেসার।

নাবি এখন নিউ জিল্যান্ডেই আছেন। ভারতের ‘এ’ দলের হয়ে খেলছেন কিউইদের ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে। প্রথম ম্যাচে উইকট নিয়েছেন ৬টি।

লাল বলের ক্রিকেট দিয়েই মূলত ভারতীয় ক্রিকেটে উত্থান নাবির। গত দুই মৌসুমে রাঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়ে নজর কাড়েন নাবি। বিশেষ করে, গত মৌসুমে জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক প্রথম রাঞ্জি শিরোপায় সবচেয়ে বড় অবদান ছিল তারই। ১০ ম্যাচে ৬০ উইকেট শিকার করে ম্যান অব দা টুর্নামেন্ট ছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সংস্করণেও তিনি ভালো করছিলেন। টি-টোয়েন্টির আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উইকেট নিয়েছিলেন ১৫টি, একদিনের ম্যাচের টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে ১৪টি। এসব পারফরম্যান্সের কারণেই আইপিএলের নিলামে তুমুল লড়াইয়ের পর তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

ভারতীয় দলে সুযোগ পেতে অবশ্য একটু দেরিই হচ্ছিল। পরে গত অগাস্টে শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পান তিনি চোট পাওয়া জাসপ্রিত বুমরাহর বদলে। জম্মু ও কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটার তিনিই।

টেস্ট অভিষেক অবশ্য এখনও হয়নি তার। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে অবশেষে দেশের হয়ে অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। তবে সেদিন ৮.৫ ওভারে ৮৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ৪০৬ রান তাড়ায় ভারত অবশ্য জিতে নেয় ম্যাচটি।

প্রথম ম্যাচের তেতো অভিজ্ঞতা ভুলে যাওয়ার সুযোগ তার জন্য নিউ জিল্যান্ডে। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু বুধবার।