১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

তিক্ততার যে রেকর্ডে মাহফিজুলই প্রথম

ম্যাচের প্রথম বলে আউট হয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডের তালিকায় উঠে গেছে মাহফিজুল ইসলামের নাম।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 03:42 PM

Updated : 15 Nov 2026, 03:58 PM

রৌদ্রজ্জ্বল সকালে চকচকে নতুন বল হাতে তৈরি কাগিসো রাবাদা। তুলনামূলক অভিজ্ঞ তানজিদ হাসান রইলেন নন-স্ট্রাইক প্রান্তে। অভিষেক ম্যাচের প্রথম বল মোকাবিলা করতে গেলেন মাহফিজুল ইসলাম। সেটিই ডেকে আনল সর্বনাশ।

রাবাদার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে শরীর থেকে অনেকটা দূরে ব্যাট বাড়িয়ে দিলেন মাহফিজুল। বাইরের কানা ছুঁয়ে যাওয়া বল লুফে নিতে কোনো ভুল করলেন না গালিতে দাঁড়ানো মার্কো ইয়ানসেন। প্রথম বলেই আউট হয়ে অনাকাঙ্ক্ষিত কিছু রেকর্ডে উঠল মাহফিজুলের নাম।

জাতীয় ক্রিকেট লিগে রানের ফোয়ারা ছুটিয়ে ডানহাতি ওপেনারের অভাব পূরণের আশায় টেস্ট দলে ডাক পান মাহফিজুল। তবে অভিষেক ম্যাচের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলে আউট হলেন তিনি।

সব মিলিয়ে অভিষেক টেস্টে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার মাহফিজুল। আগের তিনজনই ছিলেন মূলত বোলার ও লোয়ার অর্ডার ব্যাটার- ২০০৪ সালে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুল ইসলাম। 

টেস্ট অভিষেকে খালি হাতে ফেরা বাংলাদেশের চতুর্থ ওপেনার তিনি। এর আগে মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয় অভিষেকে শূন্য রানে আউট হন। নাঈম খেলেছিলেন ৫ বল, জয় ৭ বল আর সাইফ ফিরেছিলেন দ্বিতীয় বলে।

সব মিলিয়ে অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা এখন ২৮ জন। 

এছাড়া টেস্ট ম্যাচের প্রথম বলে আউট হওয়ায় টেস্ট ইতিহাসের বিরল এক তালিকায় উঠে গেছে মাহফিজুলের নাম। সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক টেস্টের প্রথম বলে আউট হওয়া বিশ্বের চতুর্থ ক্রিকেটার ২২ বছর বয়সী এই ওপেনার। 

মাহফিজুলের আগে অভিষেক টেস্টের প্রথম বলে আউট হওয়া তিনজন হলেন- ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক ও ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক।

মাহফিজুলকে হতাশায় ডুবিয়ে দারুণ এক অর্জন ধরা দিয়েছে রাবাদার। টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার তিনি। তার আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড ও ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন ম্যাচের প্রথম বলে পান সাফল্য।