৯৭, ৯৩, ৯৭, বারবার কেন নব্বইয়ে কাটা পড়ছেন শাকিল
টেস্ট ক্রিকেটে সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
পাকিস্তানের ড্রেসিং রুমের বারান্দায় বেশিরভাগ ক্রিকেটার তখন দাঁড়িয়ে গেছেন। সাউদ শাকিলের সেঞ্চুরির অপেক্ষায় তারা। কিন্তু ৯৭ রানে পেসার লাহিরু কুমারার লেংথ ডেলিভারি পেছনে সরে গিয়ে খেলার চেষ্টায় বোল্ড হলেন বাঁহাতি ব্যাটসম্যান। ড্রেসিং রুমের বারান্দায় ঘুরে দাঁড়িয়ে হাত ছুড়ে হতাশা প্রকাশ করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
শাকিলের হতাশাও তো কম নয়, একই টেস্টে দুইবার তিনি আউট হলেন নব্বইয়ের ঘরে!
আরেকটু পেছনে ফিরে তাকালে সংখ্যাটা আরও বাড়বে। এই সংস্করণে সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনবার নব্বইয়ে কাটা পড়লেন তিনি- ৯৭, ৯৩ ও ৯৭।
২৭ টেস্টের ক্যারিয়ারে সব মিলিয়ে তার এমন তেতো অভিজ্ঞতা হয়েছে মোট চারবার। তা না হলে তার চারটি টেস্ট সেঞ্চুরি এতদিনে দ্বিগুণ হয়ে যেত।
গত অগাস্টে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে বড় লক্ষ্য তাড়ায় সতীর্থদের আসা-যাওয়ার মাঝে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির দুয়ারে পৌঁছে যান শাকিল। কিন্তু ৯৭ রানে পেসার জশ টাংয়ের বাউন্সার পুল করার চেষ্টায় স্কয়ার লেগে ধরা পড়েন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে এবারের রাওয়ালপিন্ডি টেস্ট প্রথম ইনিংসে তিনি চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু পেসার আসিথা ফার্নান্দোর লেগ স্টাম্পের অনেক বাইরের শর্ট ডেলিভারিতে ব্যাট চালিয়ে ধরা পড়েন উইকেটকিপারের গ্লাভসে। সেঞ্চুরি থেকে তখন তিনি কেবল ৭ রান দূরে।
দ্বিতীয় ইনিংসে শুক্রবার শেষ দিনের প্রথম ছয় বলের মধ্যে পাকিস্তান দুই ব্যাটসম্যানকে উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ক্রিজে যান শাকিল। দলের স্কোর তখন ৩ উইকেটে ৫৭।
বাবর আজম ৩৪ ও সালমান আলি আগা ১৩ রান করে ফিরলেও এগিয়ে যান শাকিল। ১২৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। ষষ্ঠ উইকেটে ঘাজি ঘরির সঙ্গে গড়েন ৯২ রানের জুটি।
ঘরি ৩৫ রান করে ফেরার পর সেঞ্চুরির পথে এগিয়ে যান শাকিল। নিশ্চিত ড্রয়ের পথে থাকা ম্যাচে তার মাইলফলক ছোঁয়ার জন্যই অপেক্ষা করছিল পাকিস্তান দল।
৮৮ থেকে কুমারার টানা চার বলে কোনো রান নিতে পারেননি তিনি। পরের বলে চার মেরে পৌঁছে যান নব্বইয়ের ঘরে। পরের ওভারে দিলশান মাদুশাঙ্কার প্রথম বলে দুই রান নিয়ে পৌঁছে যান ৯৫ রানে। পরের তিন বলে রান পাননি। পঞ্চম বলে দুই রান নিয়ে ৯৭-এ পৌঁছার পর শেষ বলে রান নিতে পারেননি।
কুমারার পরের ওভারে তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে রান নিতে পারেননি শাকিল। পরের বলে এক রান নেওয়ার সুযোগ থাকলেও নেননি। পরের বলেই বোল্ড হয়ে হতাশায় মাঠ ছাড়েন ৩১ বছর বয়সি ব্যাটসম্যান।
তিনি অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পরই সমাপ্তি ঘটে ম্যাচের।
ড্র ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে বাবরকে প্রশ্ন করা হলো শাকিলের বারবার নব্বইয়ের ঘরে আউট হওয়া নিয়ে। পাকিস্তান অধিনায়ক বললেন, তিনিও কারণ খুঁজে পাচ্ছেন না।
“আমিও বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত প্রার্থনা করছি যেন সে নব্বইয়ের গণ্ডি পেরিয়ে সেঞ্চুরি করতে পারে। তবে যেভাবে সে খেলাটি এগিয়ে নিয়ে যায়, তার উদ্দেশ্য এবং ম্যাচ পরিস্থিতি নিয়ে তার সচেতনতা-সবই অসাধারণ। সে নিজের ব্যাটিং সম্পর্কে ভালো বোঝে এবং খেলার বিভিন্ন পর্যায়ে দলের ঠিক কী প্রয়োজন, তা সে জানে।
“আমার মনে হয়, সে আমাদের টেস্ট দলের মেরুদণ্ড। যখনই আমরা কঠিন পরিস্থিতির মুখে পড়ি, সে দলকে সেই সংকট থেকে টেনে তোলে। আমাদের জন্য সে দুর্দান্ত পারফর্ম করেছে; ইনশাআল্লাহ, আমরা সবাই প্রার্থনা করি যেন সে দ্রুতই তার কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি পেয়ে যায়।”
পাকিস্তানের টেস্ট ইতিহাসে একই ম্যাচে দুইবার নব্বইয়ের ঘরে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান শাকিল।
সব মিলিয়ে এমন ঘটনা ঘটেছে ছয়বার, এর মধ্যে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুইবার এই অভিজ্ঞতা হয়েছে গর্ডন গ্রিনিজের। বাকি তিন জন অস্ট্রেলিয়ার ক্লেম হিল, ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক উলি ও শ্রীলঙ্কার মাহেলা জায়াওয়ার্দেনে।
