২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই

শীর্ষ চারে ব্যাট করে টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি শূন্য এখন মুমিনুল হকের, তার ক্যারিয়ার ব্যাটিং গড়ও নেমেছে ক্যারিয়ারের সবচেয়ে তলানিতে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

সেঞ্চুরিয়ন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:10 PM

Updated : 25 Nov 2026, 09:10 PM

ওভার শেষ হলে, কোনো ব্যাটসম্যান আউট হলে বা একটু বিরতি পেলেই বেজে ওঠে সেঞ্চুরিয়নের গ্যালারিতে থাকা ব্যান্ড দলে বাজনা। ঐতিহ্যবাহী আফ্রিকান বাজনার ঝংকার তোলেন তারা। স্টেডিয়ামের ডিজের পছন্দও বেশ ভালো। নানা বিরতিতে দারুণ সব গানের সুনে মাঠ মাতিয়ে তোলেন তিনি। তবে মুমিনুল হকের কাছে এখন সবই বেসুরো লাগার কথা। শূন্য রানে আউট হয়ে ফেরার সময় তো গোটা দুনিয়াই শূন্য মনে হয়!

এই অনুভূতি অবশ্য তার জন্য নতুন নয়। তাকে এভাবে ফিরদে দেখাও নতুন কিছু নয়। বরং এটিই ইদানিং হয়ে উঠেছে তার নিয়মিত চিত্র। শূন্য দিয়ে এই টেস্ট সিরিজ শুরু করা মুমিনুল শেষ করলেন শূন্য দিয়েই।

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে বুধবার তিনি আউট হন ভিয়ান মুল্ডারের বলে। যদিও লেগ স্টাম্পে থাকা ডেলিভারিতে তার আউটকে কিছুটা দুর্ভাগ্যজনক বলা যায়। তবে তার ফর্ম এতটাই করুণ যে, স্রেফ ভাগ্যকে দায় দেওয়ার উপায় নেই মোটেও।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি আগে থেকেই তার। এই সফরের দুটি শূন্যের পর মোট ২১ বার তিনি আউট হলেন রান না করেই। ১৭ বার শূন্যতে ফিরে দুইয়ে সৈয়দ খালেদ আহমেদ, যিনি মূলত বোলার। ১৬ বার খালি হাতে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল।

অনাকাঙ্ক্ষিত রেকর্ডে অবশ্য দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বরেকর্ডেও জায়গা করে নিয়েছেন মুমিনুল। শূন্যের একটি রেকর্ডে এখন তিনি টেস্ট ইতিহাসের সবার ওপরে।

মুমিনুলের ২১ শূন্যের ২০টিই শীর্ষ চারে ব্যাট করে। টেস্টে শীর্ষ চারে ব্যাট করে সবচেয় বেশি শূন্যের রেকর্ডে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান এখন যৌথভাবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান মাইক আথারটনের সঙ্গে। পাকিস্তানের আজহার আলি ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট এই তোতো স্বাদ পেয়েছেন ১৯ বার করে।

দুই ইনিংসে শূন্যতে ফেরা ছাড়া এই সিরিজের বাকি দুই ইনিংসে মুমিনুল করেছেন ১৮ ও ১। তাতে তার ক্যারিয়অর ব্যাটিং গড় নেমেছে এমন তলানিতে, এতটা নিচে নামেনি আগে কখনোই। সেঞ্চুরিয়নের দুই ইনিংসের পর তার গড় ৩৬.৬৩।

৮৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার আগের সর্বনিম্ন গড় ছিল গত বছর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে। তখন তার গড় ছিল ৩৬.৭২।

ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্ট শেষে তার গড় ছিল ৮৩.৪২। প্রথম ২০ টেস্ট শেষে গড় ছিল ৫১.১৫। সেসবকে এখন মনে হয় যেন রূপকথার গল্প। প্রথম ৫০ টেস্ট শেষে গড় ছিল ৪০-এর একটু ওপর। এরপর সেই যে ৪০-এর নিচে নেমেছে, আর তা স্পর্শ করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান।

একসময় টানা ১১ টেস্টে পঞ্চাশোর্ধ্ব রানের কীর্তি গড়েছিলেন যিনি, সেই ব্যাটসম্যান এখন ফিফটি পেলেন না টানা ১২ ইনিংসে। সেঞ্চুরি নেই সবশেষ ৩৬ ইনিংসে।

দক্ষিণ আফ্রিকায় তার পারফরম্যান্স তো ভীষণ নাজুক ছিল আগেই। এবার তা আরও হতশ্রী রূপ নিয়েছে। এই দেশে ৬ টেস্ট খেলে তার গড় এখন ১০.৩৩! এর মধ্যে এক ইনিংসেই করেছেন ৭৭ রান, বাকি ১১ ইনিংস মিলিয়ে রান ৪৭।

দক্ষিণ আফ্রিকার চেয়ে একটু ভালো রেকর্ড তার ওয়েস্ট ইন্ডিজে, যদি সেটিকে ভালো বলা যায় আর কী। ক্যারিবিয়ায় ১৪ ইনিংস ব্যাট করে তার গড় ১৪.৫০।

দেশের বাইরে তার সামগ্রিক পারফরম্যান্স অবশ্য বরাবরই দেশের পারফরম্যান্সের উল্টো। দেশের মাঠে ৮১ ইনিংস খেলে তার ব্যাটিং গড় ৪৭.৯৩, বিদেশে ৭৫ ইনিংসে গড় ২৪.৭৫।

এসব গড়, পরিসংখ্যান, রেকর্ডের বাইরে আছে ব্যাটিংয়ের বাস্তব চিত্র। আউট হওয়ার ধরন। সাম্প্রতিক সময়ে বারবার তিনি আউট হয়েছেন শরীর থেকে দূরে খেলে বাইরের বল স্টাম্পে টেনে এনে। এছাড়াও যেভাবে একের পর এক ইনিংসে আউট হচ্ছেন, তাতে ফুটে উঠছে, তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের কিছু আর অবকাশ নেই।

১৩ সেঞ্চুরি করা ব্যাটসম্যানের এখন দলে জায়গা প্রাপ্য কি না, সেই প্রশ্ন প্রবলভাবেই উঠছে। তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যতও এখন বড় প্রশ্নের মুখে।