২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ‘হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ’, কৃষক লীগ কর্মী নিহত

ঘটনাস্থল থেকে ককটেল তৈরির কৌটা, কসটেপ ও পাথরের কুচি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:07 PM

Updated : 25 Nov 2026, 09:07 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

নিহত মোহাম্মদ টমাস (৩৫) ওই এলাকার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মুর্তজার ছেলে।

চৌকা গ্রামের শফিকুল ইসলাম বলেন, টমাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠজন ছিলেন। সরকার পরিবর্তনের পরে বেশ কিছুদিন পালিয়ে থেকে আবার সক্রিয় হন টমাস। সামাজিক মাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তিনি।

টমাসের ফেইসবুকে ঘেঁটে দেখা যায়, একটি ফটো কার্ডে উপজেলা কৃষক লীগের কর্মী হিসাবে টমাস নিজের পরিচয় তুলে ধরেছেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভুট্টাক্ষেতে টমাসের লাশের আশপাশে ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত কৌটা, কসটেপ ও পাথরের কুচি পাওয়া গেছে। এসব আলামত দেখে ককটেল তৈরির সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে শুনেছেন তিনি। তবে তার দলীয় পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।