১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জনসহ ২১১ জন আটক

বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:52 PM

Updated : 19 Nov 2026, 05:52 PM

কুমিল্লায় ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীসহ মোট ২১১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক কারবারি, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং নাশকতাকারী নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

এদিকে বুধবার রাতে সদর দক্ষিণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগ এবং দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এসব নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি বলেন, “উঠতি বয়সী কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।”