১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মী আটক

জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 02:21 PM

Updated : 10 Nov 2026, 02:21 PM

কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে আটকের খবর দিয়েছে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সোমবার রাতে জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

পুলিশ বলছে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন।

“এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনকে আটক করেছে। সব মিলিয়ে জেলার ১৮টি থানা ও ডিবির অভিযানে ১০৭ জনকে আটক করা হয়েছে।”

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।