২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যে ঠিকানায় যাচ্ছে কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে এখন থেকে আবেদনকেন্দ্রটি পরিচালনা করবে ‘সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিস’।

যে ঠিকানায় যাচ্ছে কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:55 PM

Updated : 25 Nov 2026, 08:55 PM

ভিসা আবেদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান পরিবর্তন হওয়ায় নতুন ঠিকানায় যাচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র।

বুধবার ফেইসবুক পেইজে দেওয়া পোস্টে নতুন প্রতিষ্ঠান ও আবেদনের ঠিকানা প্রকাশ করেছে কলকাতায় বাংলাদেশের উপ-হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক ও বিদেশিদের বাংলাদেশি ভিসার আবেদনে সহায়তা দিতে বাংলাদেশ সরকার একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে।

প্রতিষ্ঠানটির নাম, ‘সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিস’। এখন থেকে আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে তারা ভিসা আপ্লিকেশন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনা করবে।

আগামী ১ ডিসেম্বর চালু হতে যাওয়া সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিসের কলকাতা ও শিলিগুড়ির ঠিকানাও প্রকাশ করেছে বাংলাদেশ মিশন।

কলকাতার ঠিকানা হলো, সিমসিস টাওয়ার্স, প্লট- ওয়াই-১৩, ব্লক- ইপি অ্যান্ড জিপি, সেক্টর-৫, সল্টলেক সিটি। আর শিলিগুড়িতে ঠিকানা হলো, সিটি মল (প্রথম তলা), সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং।

এর আগে বাংলাদেশ উপ-হাই কমিশন জানিয়েছিল, এতদিন কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদনের সঙ্গে যুক্ত আউটসোর্সিং প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশের সরকারের চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। তাদের সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না।

ভিসা আবেদনকে কেন্দ্র করে কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের সামনে ব্যাপক ভিড় এবং আবেদনকারীদের সংখ্যাধিক্য বিবেচনায় ২০২১ সালের ডিসেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠানকে ভিসা আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্ব দেয় সরকার।

বিদেশি মিশনগুলোতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আউটসোর্সিং প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে সেটা ছিল প্রথম উদ্যোগ।

বাংলাদেশ ও ভারত একে অপরের নাগরিকদের ক্ষেত্রে ‘ভিসা ফি’ নেয় না। তবে, ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নির্দিষ্ট সার্ভিস চার্জ নিয়ে থাকে ভিসা আবেদন কেন্দ্রগুলো।

কলকাতা মিশন থেকে ভিসা প্রক্রিয়াকরণের সার্ভিস চার্জ এখন শুল্কসহ মোট ৮২৫ রুপি। আর বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভ্যাক) প্রসেসিং ফি বর্তমানে দেড় হাজার টাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, স্বাভাবিক সময়ে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে কলকাতার ডেপুটি হাই কমিশন। কোভিড-১৯ মহামারীর আগে এই সংখ্যা প্রতি মাসে গড়ে ১৫ হাজার ছিল। দুর্গাপূজা কেন্দ্রিক এই সংখ্যা ২০ থেকে ২২ হাজারে পৌঁছাত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েন না মেটার মধ্যে এখন ভিসা ইস্যুর সংখ্যা মাসিক কয়েকশতে নেমে আসার তথ্য মিলছে তাদের কথায়। আগের মতো পূজা কেন্দ্র করে ভিসা ইস্যুর সংখ্যা বাড়ার কথাই বলেছেন তারা।

পুরনো খবর:

কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র