২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আমরা পারিনি’

সেঞ্চুরিয়নে বিব্রতকর হারের পর, নিজেদের সামর্থ্যের কমতির কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আমরা পারিনি’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:40 PM

Updated : 25 Nov 2026, 08:40 PM

ব্যাটিংয়ে দুই ইনিংস মিলিয়ে নেই কোনো ফিফটি। বল হাতে সবাই নির্বিষ ও খরুচে। ফিল্ডিংয়েও একমাত্র ইনিংসে পড়ল একের পর এক ক্যাচ। সব মিলিয়ে বিব্রতকর পারফরম্যান্সে আরেকটি বড় হারের পর নাজমুল হোসেন শান্ত অকপটে স্বীকার করলেন, তিন বিভাগেই পিছিয়ে ছিল বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টে বড় হারের পর, সেঞ্চুরিয়নে আরও বড় ব্যর্থতার আরেকটি গল্প লিখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তবু দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে পেরেছিল তারা। দ্বিতীয়টিতে স্বাগতিকদের একমাত্র ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রানই ঢের বেশি প্রমাণিত হয়েছে বাংলাদেশের জন্য।

দুই ইনিংস মিলিয়ে স্রেফ ৮৩.১ ওভারে ২০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাকুল্যে তারা করতে পেরেছে ২৭৫ রান। হতশ্রী পারফরম্যান্সে ইনিংস ও ২১৯ রানে হারের পর তাই সমালোচনার তীর সবার আগে ছুটছে ব্যাটিংয়ের দিকে।

তবে অন্য দুই বিভাগেও সমান ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। সুপার স্পোর্ট পার্কের পেস সহায়ক উইকেটে চার পেসার নিয়ে খেলতে নামলেও, তাদের কেউই প্রোটিয়া ব্যাটসম্যানদের তেমন বিপাকে ফেলতে পারেননি। অনায়াসে রান করে স্বাগতিকরা।

পেসারদের দুর্দশার কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংসে অনিয়মিত স্পিনার মুমিনুল হককে দিয়ে সবচেয়ে বেশি বোলিং করান শান্ত। এমনকি তাওহিদ হৃদয়ও করেন ১২ ওভার। দ্বিতীয় দিনের শেষ দিকে ভিয়ান মুল্ডারকে আউট করে ইনিংসের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটিও উপহার দেন তিনি।

এলোমেলো বোলিংয়ের পরও স্কোরকার্ড কিছুটা ভদ্রস্থ হতে পারত যদি ঠিকঠাক ক্যাচ নিতে পারতেন ফিল্ডাররা। গত কয়েক ম্যাচের ব্যর্থতার ধারা অব্যাহত রেখে এই ইনিংসে অন্তত পাঁচটি ক্যাচ ছাড়ে বাংলাদেশ। এর সঙ্গে যোগ হয় সময়মতো রিভিউ না নেওয়ার ব্যর্থতা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিন বিভাগের ব্যর্থতা উল্লেখ করে শান্তকে জিজ্ঞেস করা হয়, দুই দলের পার্থক্য আসলে কোথায় ছিল? উত্তরে বাংলাদেশ অধিনায়কও বলেন নিজেদের ব্যর্থতার কথা।

“আপনিই উত্তর দিয়ে দিয়েছেন... ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। তাই আমার মনে হয়, এই তিন জায়গাতেই আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সবসময় উন্নতি, উন্নতির কথা বলি... এই জায়গায় আসলে আমাদের (উন্নতি) করে দেখাতে হবে।

“এই কন্ডিশনে ক্যাচগুলো নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলোতে আমরা মিস করেছি। তো এটা যার যার ব্যক্তিগত যে দায়িত্বটা আছে, সেটা যদি ঠিকমতো আমরা পালন করি, তাহলে আমার মনে হয় যে সবার জন্য কাজটা সহজ হয়ে যাবে।”

গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর কোনো সংস্করণেই আর জয় নেই বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ কিংবা নাগোয়ায় এশিয়ান গেমস টি-টোয়েন্টিতেও জিততে পারেনি তারা।

টেস্টে এই সময়ের মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে ভালো অবস্থানে থেকেও আফগানিস্তানকে হারাতে পারেনি তারা। সব মিলিয়ে নিজেদের সামর্থ্যেই ঘাটতি দেখছেন শান্ত।

“সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে, এটা স্বীকার করতেই হবে। তবে আমরা ভালো ক্রিকেটও খেলেছি মাঝে। নিয়মিত ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা জরুরি। ম্যাচে হার-জিত থাকবে। আমাদের একটু খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় আসলে ঘাটতি আছে।

“চেষ্টা এটাই থাকবে। এই টেস্ট সিরিজের পরে কিছুদিন আমাদের সময় আছে পরবর্তী টেস্ট সিরিজ আসার আগে। তো ঘাটতির জায়গা বের করে করে কীভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।”

আগামী জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।