ভারতের রেকর্ড ৭২০ রানের পর ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নিউ জিল্যান্ড
ওয়েলিংটনে সাড়ে তিনশ ছাড়ানো লিড নিয়েছে সফরকারীরা।
লোকেশ রাহুলের পর সেঞ্চুরি করলেন রিশাভ পান্ত। সঙ্গে আরও চারজনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে পাহাড়সম সংগ্রহ পেল ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে তো বটেই, নিউ জিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ল তারা। সফরকারীদের সাড়ে তিনশ ছাড়ানো লিডের পর ডেভন কনওয়ের ব্যাটে লড়ছে স্বাগতিকরা।
ওয়েলিংটনে রোববার ৯ উইকেটে ৭২০ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। নিউ জিল্যান্ডের ৩৬৮ রান ছাড়িয়ে নিল ৩৫২ রানের বিশাল লিড নিল তারা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ২ উইকেটে ১১৯ রান করেছে নিউ জিল্যান্ড। এখনও ২৩৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। শেষ দিনে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামবে তারা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই প্রথম ৭০০ রান করেছে কোনো দল। ১৯৯৫ সালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ৬৬০ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
আর নিউ জিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এতদিন ছিল স্বাগতিকদের। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে তারা।
টেস্টে এনিয়ে পঞ্চমবার সাতশ রান করল ভারত। সর্বোচ্চ সাতবার সাতশ স্পর্শ করেছে শ্রীলঙ্কা।
ভারতের টেস্ট ইতিহাসে এই রান তৃতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৭৫৯ এবং ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে ৭২৬ রান করে তারা।
৫৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পান্ত ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরিতে করেছেন ১২৮ রান। ছয়টি ছক্কা ও ১০টি চারে সাজানো তার ইনিংসটি। দ্রুত রান তুলে ৭৯ বলে ৭৮ রান করেন ধ্রুব জুরেল। একটি ছক্কা ও সাতটি চার মারেন তিনি।
এছাড়া ইয়াশাসভি জয়সাওয়াল, দেবদুত পাডিক্কাল, শুবমান গিল খেলেছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ইনিংস শুরু করতে নেমে ১৩৬ রান করেছেন রাহুল।
ভারতের ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি এসেছে সাতটি, তার মধ্যে তিনটি ছুঁয়েছে একশ। প্রথম সাত উইকেটেই এসেছে পঞ্চাশ ছোঁয়া বন্ধনগুলো। টেস্ট ইতিহাসে এমন নজির দেখা গেল প্রথমবার।
তৃতীয় দিনই শতরানের লিড নিয়ে ফেলে ভারত। ৪ উইকেটে ৪৮৬ নিয়ে চতুর্থ দিন শুরু করে তারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পান্ত ও আনশুল কাম্বোজ শুরুর কঠিন সময়টা কাটিয়ে দেন। কিন্তু প্রথম ঘণ্টার শেষদিকে বিদায় নেন কাম্বোজ, ভাঙে ৬৮ রানের জুটি।
পানি পানের বিরতির পর সেঞ্চুরিতে পা রাখেন পান্ত, ১৩৫ বলে। আট টেস্ট পর তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। আরেক প্রান্তে রানের গতিতে দম দেন জুরেল। তাদের জুটিতে ৮৪ বলে আসে ৭৫ রান।
পান্তের প্রতিরোধ ভাঙেন রাচিন রাভিন্দ্রা। দুটি চারে ২৪ রান করে ফেরেন ওয়াশিংটন সুন্দার। আকাশ দিপ ফেরার এক ওভার পর জুরেল কট বিহাইন্ড হলে ইনিংস ঘোষণা করে দেয় ভারত।
নিউ জিল্যান্ডের জেকব ডাফি ৩৩ বলের ২০১ রান দিয়ে এক উইকেট নেন। টেস্টের এক ইনিংসে দুইশ রান দেওয়া তৃতীয় কিউই বোলার ডাফি। তার চেয়ে বেশি রান দিয়েছেন স্টিভেন বুক, ২২৯ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউ জিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলে কিউই অধিনায়ক টম ল্যাথামকে কট বিহাইন্ড করে দেন জাসপ্রিত বুমরাহ।
৬০ রানের জুটিতে দলকে পথে রাখেন হেনরি নিকোলস ও কনওয়ে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নিকোলসকে বিদায় করেন প্রাসিধ কৃষ্ণা। দিনের বাকি সময়টা কাটিয়ে দেন কনওয়ে ও রাভিন্দ্রা।
ছয়টি চারে ৫৯ রানে খেলছেন কনওয়ে। তিন চারে ২৭ রানে অপরাজিত আছেন রাভিন্দ্রা।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৬৮
ভারত ১ম ইনিংস: ১৬৬ ওভারে ৭২০/৯ ডিক্লে. (আগের দিন ৪৮৬/৪) (পান্ত ১২৮, কাম্বোজ ৩৮, জুরেল ৭৮, ওয়াশিংটন ২৪, আকাশ ১৩, বুমরাহ ৭*; হেনরি ৩৩-৭-৯৪-১, জেমিসন ৩১-৬-৮৮-১, ডাফি ৩৩-১-২০১-১, স্মিথ ২৯-৪-৮৪-১, ফিলিপস ২৪-০-১৫৪-৩, রাভিন্দ্রা ১০-০-৪৪-২, মিচেল ৬-০-৩৯-০)
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৪৫ ওভারে ১১৯/২ (ল্যাথাম ০, কনওয়ে ৫৯*, নিকোলস ৩১, রাভিন্দ্রা ২৭*; বুমরাহ ৯-১-৩৩-১, আকাশ ১০-২-২৫-০, কাম্বোজ ৯-১-২১-০, প্রাসিধ ৮-২-২০-১, ওয়াশিংটন ৮-২-১৬-০, পাডিক্কাল ১-০-২-০)
