ফিলিপসের সেঞ্চুরিতে ২০ ওভারে নিউ জিল্যান্ডের রেকর্ড ২৫৯
ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে একটি রেকর্ড স্পর্শ করেছেন গ্লেন ফিলিপসও।
আর্শদিপ সিংকে সোজা ব্যাটে ছক্কায় উড়িয়ে সেঞ্চুরিতে পৌঁছে চওড়া হাসি দিলেন গ্লেন ফিলিপস। সঙ্গে দারুণ এক রেকর্ড স্পর্শ করলেন নিউ জিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ইনিংসটির সৌজন্যে রেকর্ডের পাতায় নাম লেখাল কিউইরাও।
ভারতের বিপক্ষে শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ১০৭ রান করেন ফিলিপস। ৪৯ বলের ঝড়ো ইনিংসটি ১০টি ছক্কা ও ৬টি চারে সাজান তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ফিলিপসের তৃতীয় সেঞ্চুরি। নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এই সংস্করণে তার চেয়ে বেশি শতক নেই কারো। সমান তিনটি করে সেঞ্চুরি আছে ফিন অ্যালেন ও কলিন মানরোর।
বিস্ফোরক ইনিংস খেলেন মাইকেল ব্রেসওয়েলও। ৬টি ছক্কা ও ৪টি চারে ২৫ বলে ৬৫ রান করেন তিনি।
ফিলিপস ও ব্রেসওয়েলের নৈপুণ্যে ৭ উইকেটে ২৫৯ রান করেছে নিউ জিল্যান্ড। টি-টোয়েন্টিতে যা তাদের সর্বোচ্চ। ২০২২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৫৪ রান তাদের আগের রেকর্ড।
ভারতের বিপক্ষেও টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটি। চলতি বছরই সাউথ্যাম্পটনে ২৫৭ রান করেছিল ইংল্যান্ড।
অকল্যান্ডে ইনিংসের তৃতীয় ওভারে ক্রিজে যান ফিলিপস। মুখোমুখি দ্বিতীয় বলে প্রিন্স ইয়াদাভকে চার মেরে রানের খাতা খোলেন চারে নামা ব্যাটসম্যান। পরের ওভারে আর্শদিপকে ছক্কায় ওড়ান তিনি।
পাওয়ার প্লের শেষ ওভারে প্রিন্সকে একটি ছক্কা ও দুটি চার মারেন ফিলিপস। প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৬৭ রান করে নিউ জিল্যান্ড।
ত্রয়োদশ ওভারে প্রথম বলে দৌড়ে দুই রান নিয়ে ৩১ বলে ফিফটি স্পর্শ করেন ফিলিপস। পরের বলেই হাঁকান ছক্কা। ষোড়শ ওভারে নিতিশ কুমার রেড্ডির ওপর ঝড় বইয়ে দেন তিনি। চারটি ছক্কা ও একটি চারে ওভারটি থেকে আসে ৩২ রান।
আরেকপ্রান্তে তাণ্ডব চালান ব্রেসওয়েল। স্রেফ ১৯ বলে নিউ জিল্যান্ডের হয়ে এই সংস্করণে তৃতীয় ফিফটি স্পর্শ করেন তিনি। ১৮তম ওভারে এলবিডব্লিউ হয়ে থামেন বাঁহাতি ব্যাটসম্যান।
এরপর ৯৪ রান থেকে আর্শদিপকে ওই ছক্কায় কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ফিলিপস। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ফিফটির পর এবার সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
ইনিংসের শেষ ওভারে নিতিশকে ছক্কা মারার পরের বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন ফিলিপস।
