আমরা দেশেই থাকব, পালাব না: মীর শাহে আলম
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গাইবান্ধায় করতোয়া নদী খনন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর মত দেশ ছেড়ে পালাবেন না বলে নিজের অবস্থান তুলে ধরেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, “আমরা এই দেশেই থাকব, আমরা পালাব না। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা যারা এই দল (বিএনপি) করি। আমাদের দেশের বাইরে কারো কোনো ঠিকানা নেই।
“সমস্ত আলো ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। এ দেশের মানুষের মঙ্গলের জন্য যা করার প্রয়োজন, আমরা তা করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে মিলেমিশে থাকব।”
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে জনসভার সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে শনিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব বলেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, “আমরা পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। দেশের সব খাল এবং মরা নদীগুলোকে পুনর্জীবিত করা হবে।”
প্রধানমন্ত্রীর সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী।
বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে বলে বিশ্বাস মীর শাহে আলমের।
পরে করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এর আগে বগুড়া থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এসে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
