ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম
শুক্রবার বগুড়ার মোকামতলা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সহিংসতায়’ সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু সেটিকে ‘দুর্বলতা’ হিসেবে দেখা ঠিক হবে না বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় আওয়ামী লীগকে একটি ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
মীর শাহে আলম বলেন, “পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা ও ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।”
বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার বগুড়ার মোকামতলা উপজেলায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও পানির মগ উপহার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “গোপালগঞ্জের দুটি থানায় আগুন দেওয়া হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে একবিন্দুও নাড়ানো যাবে না। এলাকার মানুষের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ বল প্রয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”
এ সময় তিনি আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথাও জানান।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ কাজেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ওসি শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, মীর শাকরুল আলম সীমান্ত, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন।
