হিন্দুদের ‘আত্মীয় মনে করে’ পূজায় ছুটি বাড়ানো হয়েছে: শাহে আলম
আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
দুর্গাপূজার আনন্দ-উৎসব আরও সুন্দর এবং হিন্দুদের ‘আত্মীয় মনে করে’ ছুটি বাড়ানো হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রমাণ করেছেন।
“তাদের আত্মীয় মনে করে দুর্গাপূজার আনন্দ-উৎসব আরও সুন্দর করতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে।”
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।
আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দুদের সঙ্গে উৎসব ভাগ করে নেবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, তারা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব করেন না। নিজেদের পছন্দ অনুযায়ী তাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।”
তিনি বলেন, এক সময় অনেকে মনে করতেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। তবে বিগত নির্বাচনে তার নির্বাচনি এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষে বিপুল ভোটে দিয়ে তারা প্রমাণ করেছেন, কোনো দলের প্রতি তাদের অন্ধ আনুগত্য নেই।
বিরোধী দলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, “১১ দলীয় জোট নির্বাচনে বেহেশতের লোভ দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। কিন্তু বিরোধীদল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না।
“আমি আপনাদের মাধ্যমে বিরোধীদলকে অনুরোধ করব, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিন, সংসদে গঠনমূলক আলোচনা করুন এবং সরকারকে সহযোগিতা করুন।”
আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি আনার কথা বলেছেন প্রতিমন্ত্রী।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানু এবং মোকামতলার নয়ন চন্দ্র বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলার উথলী হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
