১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 04:17 PM

Updated : 12 Nov 2026, 04:17 PM

চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সফরে তিনি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। এ জেলার উন্নয়নের ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।”

বগুড়ার উন্নয়নে দুই হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, “বগুড়ার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।”

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উন্নয়ন নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ধৈর্য খুব কম, আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে।”

বগুড়ার সাংবাদিকতার প্রশংসা করে তিনি বলেন, “বগুড়া বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতায় এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে আমরা নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।