২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হলো বাংলাদেশ। কিন্তু জনমনে থাকা চেরনোবিলের ভয় কতটা যৌক্তিক?

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

চেরনোবিল বা ফুকুশিমার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্ত করা হয়েছে প্যাসিভ সেফটি সিস্টেম, কোর ক্যাচার ও ১.২ মিটার পুরু কংক্রিটের ডাবল কন্টেইনমেন্টের মতো সর্বাধুনিক সুরক্ষা বলয়। ফাইল ছবি

বায়জীদ খুরশীদ রিয়াজ বায়জীদ খুরশীদ রিয়াজ

Published : 20 Nov 2026, 05:53 PM

Updated : 20 Nov 2026, 05:53 PM

শুরুতেই একটা প্রশ্ন উঠেছিল—যে দেশে চেরনোবিলের মতো ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটেছে, সেই রাশিয়ার মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কতটা নিরাপদ! ১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমানে ইউক্রেইনের) চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রে ইতিহাসের ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনায় কদিনের মধ্যে প্রায় ৩০ জনের মৃত্যু হয় এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণ করেন। এ ছাড়া দুই লাখ বর্গকিলোমিটার জমি তেজস্ক্রিয়তায় দূষিত হয়, ‘রেড ফরেস্ট’ নামে পরিচিত বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয় এবং স্থানীয় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তারপর থেকে গোটা বিশ্ব পারমাণবিক শক্তির নাম শুনলেই একটু থমকে দাঁড়ায়। কিন্তু ভয়ের উত্তর ভয় দিয়ে হয় না। উত্তর হয় বিজ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে, আর ইতিহাসের শিক্ষা দিয়ে। গত ১৭ নভেম্বর রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ‘পরীক্ষামূলকভাবে’ বিদ্যুৎ যুক্ত হয়েছে। এরই মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লিখিয়েছে। আর এই ঐতিহাসিক মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশ্নটির উত্তর খোঁজা যাক: রূপপুরে চেরনোবিল ঘটার আশঙ্কা কতটুকু?

পারমাণবিক চুল্লি কীভাবে কাজ করে?

পরমাণু হলো সৌরজগতের মতো—মাঝখানে নিউক্লিয়াস, আর চারদিকে ইলেকট্রন। যখন ইউরেনিয়াম-২৩৫-এর মতো ভারী পরমাণুর নিউক্লিয়াসে একটি নিউট্রন আঘাত করে, তখন সেটি ভেঙে দুটি ছোট পরমাণু ও ২-৩টি নতুন নিউট্রন তৈরি করে। এই ভাঙনের সময় বিপুল পরিমাণ তাপশক্তি বেরোয়। একেই বলে নিউক্লিয়ার ফিশন (বিভাজন), যা পারমাণবিক শক্তির মূল বিষয়। ওই তাপ পানি ফুটিয়ে বাষ্প তৈরি করে, বাষ্প টারবাইন ঘোরায়। টারবাইনের চাকা (রোটর) একটি লম্বা শ্যাফটের মাধ্যমে জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। টারবাইন ঘুরলে জেনারেটরের ভেতর চুম্বক ঘুরতে থাকে। চুম্বক যখন তামার কুণ্ডলীর ভেতর ঘোরে, তখনই বিদ্যুৎ উৎপন্ন হয়। টারবাইন এক ধরনের চাকা যার গায়ে হাজার হাজার ব্লেড বা পাখা থাকে। বাষ্প যদি জোরালো ফুঁ হিসেবে ওই পাখনার ওপর আঘাত করে, তবে চাকাটি ঘুরতে থাকে। বাষ্পের গতি ও চাপের পরিমাণ এমনভাবে হিসাব করে তৈরি করা হয় যে টারবাইন প্রতি মিনিটে হাজার হাজার বার ঘোরে। বাইসাইকেলের প্যাডেল মারলে চাকা ঘোরে—টারবাইনেও একই নীতি, শুধু এখানে পা লাগে না, বাষ্পের ধাক্কা লাগে। মনে করুন, আপনি চা বানাচ্ছেন। কেটলিতে পানি গরম করলে বাষ্প তৈরি হয়, ঢাকনা ওপরে ওঠে। বাষ্পের এই ‘ঠেলার শক্তি’ দিয়ে আমরা কাজ করাই। বিদ্যুৎকেন্দ্রেও একই ব্যাপার, শুধু চায়ের চুল্লির জায়গায় পারমাণবিক চুল্লি আর কেটলির জায়গায় বিশাল পানির ট্যাংক। সংক্ষেপে: নিউক্লিয়ার ফিশন → চুল্লি গরম → প্রাইমারি পানি গরম → সেকেন্ডারি পানি বাষ্প → বাষ্প টারবাইন ঘোরায় → টারবাইন জেনারেটর ঘোরায় → বিদ্যুৎ। আর কুলিং সিস্টেম বাষ্পকে আবার পানিতে পরিণত করে নতুন করে ফুটিয়ে তোলার ব্যবস্থা করে। পুরো ব্যাপারটি আসলে ‘বাষ্প ও চাকা’র খেলা, বাষ্পচালিত ‘পানির নৃত্য’—যেখানে ইউরেনিয়ামের নাচিয়ে দেওয়া তাপই শেষ পর্যন্ত আপনার বাড়ির বাল্ব জ্বালায়।

শীতলীকরণ (কুলিং সিস্টেম) কেন অপরিহার্য?

বিদ্যুৎ উৎপাদন গল্পের এক দিক। এরপর টারবাইন থেকে বেরোনো বাষ্পকে কনডেন্সারে ঠান্ডা করে আবার পানিতে পরিণত করতে হয়, নাহলে ‘স্টিম জেনারেটরে’ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পানির অভাব হয়, অর্থাৎ টারবাইনে ধারাবাহিক বাষ্পের জোগান বাধাগ্রস্ত হয়। কুলিং ব্যর্থ হলে চুল্লির ভেতরের তাপ বেরোতে না পেরে চাপ বেড়ে যায়—যা নিরাপত্তার জন্য বিপজ্জনক। সংক্ষেপে কুলিংয়ের কাজ দুটি—(ক) টারবাইনের পর বাষ্প ঘনীভূত করে পানি ফেরানো, (খ) চুল্লি থেকে অতিরিক্ত তাপ সরিয়ে নেওয়া। এ জন্য কুলিং সিস্টেমকে বিদ্যুৎকেন্দ্রের ‘কিডনি’ বলা চলে।

অন্য তিনটি বড় দুর্ঘটনার কারণ ও শিক্ষা

ইতিহাসে পারমাণবিক চুল্লির তিনটি বড় দুর্ঘটনার উদাহরণ রয়েছে:

১. থ্রি মাইল আইল্যান্ড (যুক্তরাষ্ট্র, ১৯৭৯): ধরুন, গাড়িতে কুল্যান্ট লিক হলো, কিন্তু তাপমাত্রার সেন্সর ভুল দেখাল। থ্রি মাইল আইল্যান্ডের চুল্লির ভেতর কুলিং সিস্টেমে ভালভ জ্যাম হয়ে গিয়েছিল এবং অপারেটররা বুঝতেই পারেননি যে চুল্লির মূল অংশে পানি কমে গেছে। ফলে আংশিক মেল্টডাউন (গলে যাওয়া) ঘটে গিয়েছিল। তবে কংক্রিটের ‘কন্টেইনমেন্ট ভবন’ থাকায় নিঃসৃত তেজস্ক্রিয়তা তার ভেতরে আটকা পড়েছিল। ফলে তেজস্ক্রিয় কণা বাইরে সামান্যই বেরিয়েছিল; কেউ মারা যায়নি।

শিক্ষা: অপারেটরের প্রশিক্ষণ ও সেন্সরের নির্ভরযোগ্যতা বাড়াতে হবে।

২. চেরনোবিল (সোভিয়েত ইউনিয়ন, ১৯৮৬): নিরাপত্তা পরীক্ষার সময় অপারেটররা নিয়ম না মেনে তাড়াহুড়ো করে চুল্লির নিয়ন্ত্রণ রডগুলো বিপজ্জনকভাবে সরিয়ে ফেলে। ফলে হুট করে তাপ (শক্তি) হাজার গুণ বেড়ে যায়। অতিরিক্ত তাপ ও বাষ্পচাপে চুল্লি বিস্ফোরিত হয় (steam explosion)। সহজে দাহ্য উপকরণে তৈরি ছাদে আগুন ধরে যায়। এ চুল্লিতে কোনো ‘কন্টেইনমেন্ট ভবন’ ছিল না। ফলে তেজস্ক্রিয় মেঘ সারা ইউরোপে ছড়িয়ে পড়ে।

শিক্ষা: খোলা চুল্লি কখনো নিরাপদ নয়, আর অপারেটরের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে স্বয়ংক্রিয় নিরাপত্তা আবশ্যক।

৩. ফুকুশিমা (জাপান, ২০১১): ১৪ মিটার উচ্চতার সুনামি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়ে। জরুরি ডিজেল জেনারেটর প্লাবিত হয়, ফলে কুলিং পাম্প বন্ধ হয়ে যায়। জ্বালানি রড গরম হয়ে পানি বাষ্পে পরিণত হয়। ফলে অতি উত্তপ্ত জ্বালানি রডের বহিরাবরণ অর্থাৎ ক্ল্যাডিংয়ের জিরকোনিয়াম (Zirconium) বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, যা পরে বিস্ফোরিত হয়।

শিক্ষা: প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বেশি মাত্রায় সুরক্ষাব্যবস্থা নিতে হবে—যেমন প্রাচীরের উচ্চতা বাড়ানো, বিকল্প জলাধার রাখা।

রূপপুরে দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা: ভিন্ন বিজ্ঞান

চেরনোবিলের চুল্লিটি ছিল RBMK ধরনের—রুশ ভাষায় যার পূর্ণরূপ ‘রেয়াক্টর বলশয় মোশনোস্তি কানালনি’ (Reaktor Bolshoy Moshchnosti Kanalny), অর্থাৎ উচ্চ ক্ষমতাসম্পন্ন চ্যানেল-টাইপ চুল্লি। এটি ছিল একটি পুরোনো, অস্থির নকশা, যেখানে নিউট্রনের গতি কমানোর জন্য (মডারেটর হিসেবে) গ্রাফাইট এবং শীতলীকরণের জন্য সাধারণ পানি ব্যবহার করা হতো। অন্যদিকে রূপপুরে বসানো হয়েছে VVER-1200—রুশ ভাষায় ‘ভদো-ভদ্যানয় এনার্গেটিচেস্কি রেয়াক্টর’ (Vodo-Vodyanoy Energetichesky Reaktor), অর্থাৎ পানি-শীতল ও পানি-নিয়ন্ত্রিত (প্রেসারাইজড ওয়াটার) আধুনিক চুল্লি, যার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। এটি সর্বাধুনিক জেনারেশন-থ্রি প্লাস প্রযুক্তি। দুটোর মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। নিচের ব্যবস্থাগুলো রূপপুরকে অনন্য করেছে:

ক) প্যাসিভ সেফটি সিস্টেম বিদ্যুৎ না থাকলেও, মহাকর্ষ ও প্রাকৃতিক পরিচলন (convection) কাজ করে। চুল্লির ওপরে বিশাল পানির ট্যাংক আছে—বিদ্যুৎ হারালে পানি নিজের ওজনে নেমে চুল্লি ঠান্ডা করবে। ফুকুশিমার মতো জরুরি ডিজেল জেনারেটর ভেসে গেলেও এখানে বিদ্যুৎ লাগবে না। বাংলাদেশ গঙ্গা-পদ্মার প্লাবনভূমিতে অবস্থিত হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর ও সাইক্লোন সম্ভাবনা বিবেচনা করে রিয়্যাক্টর ভবন উঁচু ভিত্তির ওপর নির্মিত (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ মিটার ওপরে)।

খ) কোর ক্যাচার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন একটি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া (controlled chain reaction)। নতুন নিউট্রনগুলো আবার অন্য ইউরেনিয়াম পরমাণুকে ভাঙে। চুল্লির ভেতরে ‘কন্ট্রোল রড’ (সাধারণত বোরন বা ক্যাডমিয়াম দিয়ে তৈরি) সেই নিউট্রন শোষণ করে বিক্রিয়ার গতি কমায় বা বাড়ায়। এই নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায়, তবে অতিরিক্ত তাপ চুল্লি গলিয়ে ফেলতে পারে (মেল্টডাউন) এবং গলিত লাভা নিচের দিকে গিয়ে ভবনের ভিত্তি গলিয়ে মাটিতে মিশে যেতে পারে—যা আমরা দুর্ঘটনায় দেখেছি। রূপপুরের চুল্লির তলায় আছে স্লারি-টাইপ কোর ক্যাচার—একটি বিশেষ পাত্র। গলিত জ্বালানি এতে পড়লে বিশেষ ‘নিরোধক’ উপাদান তা ঠান্ডা করে কঠিন বানিয়ে ফেলবে। তেজস্ক্রিয়তা বাইরে যেতে পারবে না। চেরনোবিল বা ফুকুশিমার এমন ব্যবস্থা ছিল না।

গ) ডাবল কন্টেইনমেন্ট চেরনোবিলের চুল্লির ওপর কোনো শক্ত কন্টেইনমেন্ট ভবন ছিল না। রূপপুরে আছে ডাবল কন্টেইনমেন্ট—ভেতরে স্টিলের আস্তরণ, বাইরে চারপাশে ১.২ মিটার পুরু প্রি-স্ট্রেসড কংক্রিটের শক্ত বহিরাবরণ। বিমান বিধ্বস্ত বা ভূমিকম্প সহ্য করতে পারে। দুই স্তরের মাঝে চাপ নেগেটিভ রাখা হয়, যাতে কোনো গ্যাস বাইরেও না আসে।

ঘ) সক্রিয় নিরাপত্তা ২০টির বেশি স্বাধীন শাটডাউন সিস্টেম, চার স্তরের স্বয়ংক্রিয় সুরক্ষা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) নিয়মিত পরিদর্শন। পাশাপাশি বাংলাদেশ নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন স্বাধীনভাবে তদারকি করছে।

সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি হলো প্যাসিভ-অ্যাকটিভ সমন্বয়। রূপপুরের VVER-1200-এর ফুয়েল রডগুলোতে বার্নেবল অ্যাবজর্বার আছে যা সময়ের সঙ্গে প্রতিক্রিয়াকে সুষম রাখে। এর আগে চেরনোবিল ছিল ‘পজিটিভ ভয়েড কোএফিসিয়েন্ট’ (পানি কমলেই বিক্রিয়া বেড়ে যেত)—যা বর্তমানে নিষিদ্ধ। রূপপুরে রয়েছে ‘নেগেটিভ ভয়েড কোএফিসিয়েন্ট’ (পানি বাষ্প হলে বিক্রিয়া আপনা-আপনি কমে যাবে)। এর মানে হলো, চুল্লির স্বাভাবিক অবস্থার পরিবর্তন, যেমন পানি কমে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি সামান্য পরিমাণে ঘটলেও চুল্লি নিজে থেকেই শান্ত হয়ে যাবে। প্রকৃতি নিজেই যেন একটা ব্রেক লাগিয়ে দিয়েছে। রূপপুরে পদ্মার পানি ব্যবহার হবে, তবে সেটা গরম করে ফের পদ্মায় ছাড়ার আগে গরম কমিয়ে নেওয়া হবে (পরিবেশগত সীমা মেনে)। পদ্মা নদীর চরিত্র—পলি জমা, পানির স্রোত, ভূমিকম্পের ঝুঁকি (বাংলাদেশ জোন-২ ও জোন-৩)—সবকিছু মাথায় রেখে রিয়্যাক্টরকে সিসমিক আইসোলেটরে বসানো হয়েছে। এটি ৭.৫ মাত্রার ভূমিকম্প সহ্য করবে।

নিরাপত্তার দর্শন: শুধু যন্ত্র নয়, সংস্কৃতি

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনাগুলো শুধু যন্ত্রের ব্যর্থতায় ঘটেনি। ঘটেছে মানুষের ভুল, ভুল গোপন করার চেষ্টা আর অস্বচ্ছতার কারণে। রূপপুরের নিরাপত্তাব্যবস্থা তৈরি হয়েছে ‘ডিফেন্স-ইন-ডেপথ’ নীতির ওপর—অর্থাৎ একের পর এক স্তরে স্তরে সুরক্ষা। এর সঙ্গে আছে স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, IAEA-র কঠোর তদারকি, এবং প্রতিটি ধাপে লাইসেন্সিং প্রক্রিয়া। রূপপুরের কমিশনিং প্রক্রিয়া এত দীর্ঘ হচ্ছে, কারণ প্রতিটি পরীক্ষা, প্রতিটি যন্ত্রাংশ, প্রতিটি নিরাপত্তাব্যবস্থা আলাদাভাবে যাচাই করা হচ্ছে। এটাই আধুনিকতার মানদণ্ড।

একটি জাতির সাহসী সিদ্ধান্ত

রূপপুর শুধু ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র নয়, এটি একটি জাতির দূরদর্শিতা ও সাহসিকতার প্রতীক। এর যাত্রা শুরু হয় ২০১০ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হওয়ার মধ্য দিয়ে। এরপর ২০১৩ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্কো সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রাথমিক কাজের জন্য ৫০ কোটি ডলার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। একই বছরের ২ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপপুরে প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে নির্মাণের সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৬ সালের ৬ ডিসেম্বর একনেক প্রকল্পটি অনুমোদন করে। সবশেষে, ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রথম চুল্লি (ইউনিট)-র ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়—যা পরবর্তীকালে ‘জাতীয় পারমাণবিক শক্তি দিবস’ হিসেবে ঘোষিত হয়; এবং ২০১৮ সালের ১৪ জুলাই দ্বিতীয় চুল্লি (ইউনিট)-র নির্মাণকাজের কংক্রিট ঢালাই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পারমাণবিক বাংলাদেশ: স্বপ্ন থেকে সত্যি, বিপদ থেকে মুক্তি

একটি দেশ যখন পারমাণবিক শক্তির মতো জটিল ও সংবেদনশীল প্রযুক্তিতে পা রাখে, তখন সেটি সাহসের পাশাপাশি বিপুল দায়িত্ববোধেরও পরিচয় দেয়। এটি প্রমাণ করে, বাংলাদেশ বড় স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক মানদণ্ডও মেনে চলতে জানে। আমরা যদি ভয়ে পারমাণবিক শক্তিকে এড়িয়ে যেতাম, তাহলে কয়লা ও গ্যাসের দহনজাত দূষণের আশঙ্কাকে উপেক্ষা করা হতো। বাংলাদেশ বরং দুর্ঘটনার ইতিহাস থেকে শিখেছে। আধুনিক জেনারেশন থ্রি প্লাস চুল্লিতে কোনো বড় দুর্ঘটনার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি (প্রতি ১০ হাজার বছর রিয়্যাক্টর-বছরে একবার)। পারমাণবিক চুল্লি ভারতে সচল রয়েছে ২৪টি, পাকিস্তানে ৬টি, যুক্তরাষ্ট্রে ৯৪টি, রাশিয়ায় ৩৭টি। রূপপুরের প্রথম চুল্লি আমাদের সেই শক্তির সিংহদ্বার খুলে দিয়েছে, দ্বিতীয় চুল্লি নির্মাণাধীন। বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করছে—নিরাপদে, নির্ভরযোগ্য আধুনিক প্রযুক্তির প্রহরায়।

বায়জীদ খুরশীদ রিয়াজ: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞান লেখক।ইমেইল: baizid.romana@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।