২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে

এর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত সাতটি চালানের সব জ্বালানি সরবরাহ সফলভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 05:22 PM

Updated : 20 Nov 2026, 05:22 PM

রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে।

এর মধ্য দিয়ে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত সাতটি চালানের সব জ্বালানি সরবরাহ সফলভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে বলে জানিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সাইট ইনচার্জ মো. রুহুল কুদ্দুছ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়ামের এই চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে সেনাবাহিনীর কঠোর তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তিনটি লরিতে করে এই জ্বালানি ঈশ্বরদীর রূপপুরে নেওয়া হয়।

যমুনা সেতু, নাটোরের বনপাড়া ও ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে গাড়িগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। জ্বালানি পরিবহণ নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল; যা সবশেষ চালানের মাধ্যমে পূর্ণতা পেল।

অন্যদিকে প্রথম ইউনিটে নির্ধারিত সময়ে জ্বালানি পুনঃস্থাপনের (রিফুয়েলিং) জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি কার্গো চালানে পারমাণবিক জ্বালানি দেশে আসছে।

দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমেও এসেছে সাফল্য। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়।

ওই দিন প্রায় সাড়ে আট ঘণ্টার পরীক্ষামূলক কার্যক্রমে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়; যার মধ্যে ৩৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের আগে কয়েক ধাপে আরও কারিগরি পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম চালানো হবে। চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে উৎপাদনব্যবস্থা, নিরাপত্তা ও যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই সাপেক্ষে কেন্দ্রটি ধাপে ধাপে বাণিজ্যিক উৎপাদনে যাবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে।

প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট করে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর কেন্দ্রটির প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে রাশিয়া এবং পরবর্তী সময়ে নির্ধারিত বিরতিতে বাংলাদেশ তা আমদানি করবে।