সিরিজ শুরুর আগের দিন অস্ট্রেলিয়া দলে জোড়া ধাক্কা
চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন বিলি স্ট্যানলেক।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন জোড়া ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোটের থাবায় পাঁচ ম্যাচের পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির দুই পেসার জেভিয়ার বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান।
বাঁ উরুর পেশিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলা ২১ বছর বয়সি বিয়ার্ডম্যান। আর বাঁ হাঁটুর চোটে ভুগছেন ২২ টি-টোয়েন্টি খেলা বার্টলেট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শনিবার শুরু হবে সিরিজটি। বার্টলেট ও বিয়ার্ডম্যানের আগে আগে চোটের কারণে ছিটকে গেছেন আরেক পেসার ন্যাথান এলিস। সাইড স্ট্রেইনে ভুগছেন তিনি।
এছাড়া এই সিরিজে ট্রাভিস হেড, ম্যাট রেনশ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও কুপার কনোলিকে পাবে না অস্ট্রেলিয়াকে। এই ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা।
সাইড স্ট্রেইন সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন বিলি স্ট্যানলেক। গত সোমবার ওয়ানডে কাপের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এই পেসার। আগেই বেন ডোয়ার্শিস, রাইলি মেরেডিথ ও এখনও আন্তর্জাতিক অভিষেক না হওয়া হেনরি থর্নটনকে দলে যোগ করেছে অস্ট্রেলিয়া।
বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে মাঠে ফিরতে পারেন বিয়ার্ডম্যান। বার্টলেটের চোটের অবস্থা আরও পরীক্ষা করে দেখা হবে।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকেও পাবে না অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), স্যাম হার্পার, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ল্যাচলান শ, টিম ডেভিড, মিচেল ওয়েন, জ্যাক এডওয়ার্ডস, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, বেন ডোয়ার্শিস, স্পেন্সার জনসন, হেনরি থর্নটন, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।
