০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শাহাদাতকে ছাড়িয়ে সবার ওপরে হাসান

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারি পেসার এখন হাসান মাহমুদ, ৫ উইকেট শিকার করলেন তিনি ৫ দেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 12:27 PM

Updated : 06 Nov 2026, 12:27 PM

এই সময়ে দেশের সেরা টেস্ট পেসার বলা যায় হাসান মাহমুদকে। তবে একটি জায়গায় তিনি হয়ে গেলেন দেশের সবসময়ের সেরা। তার টেস্ট ক্যারিয়ারের বয়স মোটে আড়াই বছর। এখনই তিনি দেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারি পেসার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় সকালে রেকর্ডটি নিজের করে নেন হাসান। ম্যাচের প্রথম দিন দুটি উইকেট নেওয়া পেসার শুক্রবার সকালে যোগ করেন আরও তিন উইকেট।

টেস্টে এই নিয়ে ৫ বার ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন হাসান। পেছনে ফেলে দিলেন তিনি শাহাদাত হোসেনকে।

৩৮ টেস্টের ক্যারিয়ারে ৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত। ঠিক অর্ধেক টেস্টেই পূর্বসূরীকে ছাড়িয়ে গেলেন হাসান।

চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকা গতি তারকা ১২ টেস্টের ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন দুবার। সুইং বোলিংয়ে একসময় সাড়া ফেলার পরও ফিটনেস সমস্যায় টিকতে না পারা পেসার রবিউল ইসলাম দুবার এই স্বাদ পেয়েছেন ৯ টেস্টের ক্যারিয়ারে।

একবার করে পেয়েছেন মঞ্জুরুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

হাসান আরেকটি জায়গাতেও অনন্য। তার ৫ বার ৫ উইকেট এলো ৫টি ভিন্ন দেশে। প্রথমটি ছিল ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। পরেরটি ছিল পরের টেস্টেই ভারতের বিপক্ষে চেন্নাইয়ে। তৃতীয়টি আসে গত অগাস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে।

গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন তিনি আবু ধাবিতে। সেই টেস্টে হ্যাটট্রিকের ইতিহাসও গড়েছেন তিনি। এবার প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন দেশের মাঠে।

বাংলাদেশের আর কোনো পেসার দেশের বাইরে একাধিক দেশে নিতে পারেননি ৫ উইকেট। রবিউল ইসলামের দুটি ৫ উইকেটই দেশের বাইরে, তবে দুটিই জিম্বাবুয়ের হারারেতে।

সিলেটে হাসান থামেননি ৫ উইকেটেই। পরে যোগ করেন তিনি আরও একটি উইকেট। এই নিয়ে টেস্টে দ্বিতীয়বার তিনি পেলেন ইনিংসে ৬ উইকেট। বাংলাদেশের আর কোনো পেসার একাধিকবার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।